দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সমঞ্চান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। পাঁচটি অনুষদের অধীনে আটটি ইউনিটের পরীক্ষা ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে।
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে একই শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্র জানায়, ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন চার পালায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম, বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয়, বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত তৃতীয় ও বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত চতুর্থ শিফটে পরীক্ষা হবে। এ বছর পাঁচটি অনুষদের অধীনে মোট আটটি ইউনিটে এক হাজার ৪৬৫ আসনের বিপরীতে ৭৪ হাজার ৫২৯টি আবেদন জমা পড়েছে।
উল্লেখ্য, সফলভাবে আবেদনকৃত ছাত্রছাত্রীদের ৭ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে ওয়েবসাইট http://iu.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের সদ্য তোলা এক কপি ছবি আপলোড করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu. ac.bd-এ বিস্তারিত জানা যাবে।
নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম হাফিজুর রহমান জানান, পাঁচটি ইউনিটের মধ্যে ‘এ’ ইউনিটে পাঁচ হাজার ২১৬টি, ‘বি’ ইউনিটে এক হাজার ১১৫টি, ‘সি’ ইউনিটে সাত হাজার ৩৪৪টি, ‘ডি’ ইউনিটে তিন হাজার ৬৫৫টি এবং ‘ই’ ইউনিটে ছয় হাজার ২১৯টি আবেদন জমা পড়েছে। ভর্তি পরীক্ষা ২৪, ২৫, ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার আসনবিন্যাস ও অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jkkniu.edu.bd থেকে সংগ্রহ করা যাবে।