রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টির তিন দিন পেরিয়ে গেছে গতকাল সোমবার। আর ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম থমকে আছে সাত দিন থেকে।
দুটি বিশ্ববিদ্যালয়েই অচলাবস্থা সৃষ্টির কারণ দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ড এবং এ হত্যার বিচারের দাবিতে ছাত্রদের আন্দোলন। হত্যাকাণ্ডের শিকার দুজনই ছিলেন ছাত্রলীগের নেতা। দুজনকেই দলীয় নেতা-কর্মীদের হাতে প্রাণ হারাতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত শুক্রবার নিজ কক্ষে গুলিতে নিহত রুস্তম আলী আকন্দ শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষে পড়তেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পিটুনির শিকার হয়ে মারা যাওয়া শিক্ষার্থী সায়াদ ইবনে মোমতাজ ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি ছিলেন আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
রুস্তম আলী আকন্দের খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে বিষয় ও অনুষদভেদে গড়ে তিন থেকে ছয় মাসের সেশনজট রয়েছে। ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে পড়ায় সেশনজট বেড়ে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন সাধারণ শিক্ষার্থীরা।
আইন বিভাগের শিক্ষার্থী এম এ সাঈদ প্রথম আলোকে বলেন, গত নভেম্বর মাসে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। রাজনৈতিক অস্থিরতায় ক্যাম্পাস বন্ধ থাকার কারণে এখন পর্যন্ত পরীক্ষা শেষ হয়নি।
এদিকে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। রুস্তম হত্যার ঘটনায় ক্যাম্পাসে মানববন্ধন করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এ ছাড়া ছাত্র হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, রাজনৈতিক অস্থিরতায় গত বছরের অধিকাংশ সময়ই ক্লাস-পরীক্ষা হয়নি। ২০১৩ সালের সব ধরনের ছুটি বাদ দিয়ে ১৯৫ কার্যদিবসের মধ্যে ক্লাস-পরীক্ষা চলেছে মাত্র ১১৩ দিন। অস্থিরতার কারণে ৮২ কার্যদিবস কোনো শিক্ষা কার্যক্রম চলেনি বিশ্ববিদ্যালয়টিতে।
এদিকে, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়াদ ইবনে মোমতাজের হত্যাকারীদের শনাক্ত করে অভিযুক্তদের বিচারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকেরা। গতকাল এক সংবাদ সম্মেলন করে তাঁরা এই অনাস্থা প্রকাশ করেন।
সায়াদকে হত্যার পর থেকে হত্যাকারীদের নাম প্রকাশ করে মামলা, আজীবন বহিষ্কার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে গতকাল সপ্তম দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। বিচার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
এর আগে ২০১৩ সালের ১৯ জানুয়ারি ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা, টেন্ডারবাজি ও নিয়োগ-বাণিজ্য নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বয়রা গ্রামের রাব্বী (১০) নামে এক শিশু গুলিতে নিহত হয়। উদ্ভূত পরিস্থিতিতে ৩৮ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে।
মাৎস্যবিজ্ঞান অনুষদের সভাকক্ষে গতকাল সকালে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে তদন্ত কমিটির ওপর অনাস্থা প্রকাশ করেন ওই অনুষদের শিক্ষকেরা। তদন্ত কমিটির প্রধান ওই অনুষদের অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক মোহসীন আলী। এ ছাড়া আছেন আশরাফুল হক ও শামসুল হক হলের প্রভোস্ট রফিকুল ইসলাম ও আবদুস সালামসহ ছয়জন।
সংবাদ সমেঞ্চলনে বলা হয়, কমিটিতে আশরাফুল হক হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর থাকায় তদন্তকাজ ব্যাহত হবে। দায়িত্বে অবহেলার কারণে তাঁরা নিজেরাই অভিযুক্ত। বিষয়টি তদন্ত কমিটি গঠনের পর পরই উপাচার্য অধ্যাপক রফিকুল হককে জানানো হয়।
এদিকে, গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের সঞ্চৃতি সঞ্চারক বিজয় ’৭১-এর পাদদেশে সমবেত হন আন্দোলনকারী শিক্ষার্থীরা।