দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। শিক্ষার্থীরা ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোবাইল অপারেটর টেলিটকে এসএমএস করে ভর্তির আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd তে পাওয়া যাবে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সের ভর্তি পরীক্ষার ফরম আগামী ২৩ সেপ্টেম্বর বিতরণ শুরু হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর। বুধবার দুপুরে কুয়েটের উপাচার্য অধ্যাপক মোহম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আবেদনপত্র অনলাইনে পূরণ ও জমা দেওয়া শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। মুঠোফোনে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় আগামী ১৫ অক্টোবর বুধবার পর্যন্ত। ভর্তিসংক্রান্ত সব তথ্য www.admission.kuet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যেকোনো প্রয়োজনে [email protected]তে ই-মেইল করা যাবে।