দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
রাজশাহীতে সকাল নয়টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের কবর জিয়ারত করা হয়।
সকাল ৯টা ২০ মিনিটে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাড়ে নয়টায় প্রশাসনিক ভবন থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর কেন্দ্রীয় শরীরচর্চা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রীতি ভলিবল ও ক্রিকেট ম্যাচ। ১২টায় শুরু হয় আলোচনা সভা। এই সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ও বিশেষ অতিথি যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক নীরেন্দ্র নাথ মুস্তাফী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক এন এইচ এম কামরুজ্জামান সরকার।
খুলনায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মাদ মোহাব্বত খান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর। সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত হয় প্রীতি সমাবেশ। এরপর জাতীয় সংগীতের পর বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি।
সকাল ১০টায় অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। শোভাযাত্রাটি ক্যাম্পাস ও ফুলবাড়ী গেট এলাকা প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় মিলনায়তনের সামনে এসে শেষ হয়। সকাল সাড়ে ১০টায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং বেলা ১১টায় মিলনায়তনে টেকনিক্যাল পোস্টার সেশন ও টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় দেখানো হয় বিশ্ববিদ্যালয়ের ওপর নির্মিত শর্ট ফিল্ম।