দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১১ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গত শনিবার ও গতকাল রোববার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধির পাঠানো খবর:
খুলনা: এবার ভর্তি পরীক্ষার সময় ক্যালকুলেটর ব্যতীত (প্রযোজ্য ক্ষেত্রে) সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস (মুঠোফোনসহ) পরীক্ষার হলে আনা নিষিদ্ধ করা হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সভায় আরও উল্লেখ করা হয়, এবার ভর্তি পরীক্ষা চলাকালে দুটি ভ্রাম্যমাণ আদালত থাকবেন। সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্র এবং কেসিসি উইমেন্স কলেজ উপকেন্দ্রে আসনবিন্যাস করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় মূল কেন্দ্রে রোল নম্বর ০০০১ থেকে ৪৩০০ পর্যন্ত এবং কেসিসি উইমেন্স কলেজ উপকেন্দ্রে রোল নম্বর ৪৩০১ থেকে ৬১৬৫ পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১১ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা অনুষদের, বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত জীববিজ্ঞান অনুষদের এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১২ ডিসেম্বর শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কলা ও মানবিক অনুষদের, বেলা ১২টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের এবং বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তির আসনবিন্যাস-সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd) পাওয়া যাবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: গতকাল বেলা দেড়টার দিকে উপাচার্য অধ্যাপক আলী আকবর তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সব ইউনিটের ফল ঘোষণা করেন। ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা ১ হাজার ২০০। ভর্তি পরীক্ষায় মেধার ভিত্তিতে ১ হাজার ২০০ জনের মেধাতালিকা এবং আরও ১ হাজার ২০০ জনকে অপেক্ষমাণ তালিকায় রেখে এ ফল প্রকাশ করা হয়।
পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সশরীরে উপস্থিত হয়ে ভর্তিকাজ সম্পন্ন করতে হবে। পরে আসন শূন্য থাকা সাপেক্ষে ২০ ডিসেম্বর বিকেল পাঁচটার মধ্যে শূন্য আসনের তালিকা প্রকাশ করা হবে। ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bau.edu.bd) পাওয়া যাচ্ছে।
দিনাজপুর: গত শনিবার রাতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার ফলাফল ও ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাচ্ছে।
ভর্তি পরীক্ষায় কোটাসহ ২ হাজার ১৩৬ আসনের বিপরীতে ৫৮ হাজার ৮০৯ জন শিক্ষার্থী বিভিন্ন অনুষদে ভর্তির জন্য আবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ভবেন্দনাথ বিশ্বাস এ তথ্য জানান।