গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার হারিনাহাটি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে দুই বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় একটি বসতবাড়িতে হামলার ঘটনাও ঘটে। গতকাল বুধবার দুপুরে মুকসুদপুর থানায় এ ব্যাপারে মো. শুকুর আলী মিয়ার দায়ের করা অভিযোগটি পুলিশ এজাহারভুক্ত করেছে। গত মঙ্গলবার সকালে এই হামলা ও মারপিটের ঘটনা ঘটে।আবদুল মান্নান মিয়া (৬৫) ও নাছিমা বেগম (৫০) বর্তমানে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।মামলার উদ্ধৃতি দিয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, জমিজমা নিয়ে পূর্ববিরোধের জের ধরে মঙ্গলবার ওই গ্রামের বাসিন্দা সাবেক সেনা কর্মকর্তা মান্নান মিয়াকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে আসেন আবতাব মিয়া। এ সময় আবতাব মিয়ার ছেলে নূর ইসলাম, জাকির মিয়া, জাহিদ মিয়াসহ ১১-১২ জন লাঠিসোঁটা, রড ও রামদা নিয়ে অতর্কিতে মান্নান মিয়ার ওপর ঝাঁপিয়ে পড়েন। তাঁরা তাঁকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করেন। এ সময় মান্নান মিয়ার স্ত্রী মিনি বেগম (৫০) ও ছোট ভাইয়ের স্ত্রী নাছিমা বেগম ঠেকাতে এলে তাঁদেরও মারধর করা হয়। একপর্যায়ে মিনি বেগম বসতঘরে গিয়ে আশ্রয় নিলে সেখানেও তাঁরা হামলা চালিয়ে বসত ও রান্নাঘরের বেড়া ভাঙচুর করেন। মুকসুদপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক লুৎফর রহমান বলেন, মান্নান মিয়ার মাথার আঘাত গুরুতর। তাঁর হাতেও কোপ রয়েছে। নাছিমা বেগমের হাত ভেঙে গেছে।মুকসুদপুর থানার ওসি লিয়াকত আলী বলেন, ঘটনার পর অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ সত্যতা পেয়েছে। তবে মামলায় ধারা সঠিক লেখার স্বার্থে চিকিৎসা সনদের জন্য একদিন বিলম্ব হয়েছে। তিনি আরও বলেন, ‘হামলাকারীরাও একটি পাল্টা অভিযোগ দিয়েছে। তবে তদন্তে এর কোনো সত্যতা আমরা এখনো পাইনি।’