বাগেরহাটের মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের ফুল কুমারী (৮০) খুবই অসুস্থ। নিঃসন্তান এ বিধবাকে মৃত দেখিয়ে তাঁর ১ একর ২৬ শতক জমি বেচে দিয়েছেন এক আত্মীয়। এখন অন্যের ঘরের বারান্দায় দিন কাটছে তাঁর। একই অবস্থা গ্রামের আরেক নিঃসন্তান সাবিত্রী রানীরও (৭০)। তাঁকেও মৃত দেখিয়ে এক একর জমি বিক্রি করে দিয়েছেন একই ব্যক্তি।
অসহায় ওই দুই নারী স্থানীয় সাংসদ তালুকদার আবদুল খালেক ও বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়ের কাছে প্রতিকার চেয়ে আবেদন করেছেন। এ ছাড়া মোংলা বিচারিক আদালতে মামলা করেছেন।
শেলাবুনিয়া এলাকায় একের পর এক এমন প্রতারণার ঘটনা ঘটে চলেছে। পুলিশ বলছে, তাদের কাছেও অভিযোগ এসেছে। সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে।
দুই নারীর আইনজীবী ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ফুল কুমারীর স্বামী হরষিৎ রায় মোড়ল ৩০ বছর আগে মারা গেছেন। কোনো সন্তান না থাকায় তাঁর ১ একর ২৬ শতক জমির উত্তরাধিকারী হন ফুল কুমারী। একইভাবে সাবিত্রী রায়ও তাঁর স্বামী রতন রায় মোড়ল মারা গেলে এক একর জমির উত্তরাধিকারী হন। এত দিন তাঁরা জমির ভোগদখল করছিলেন। কিন্তু একই গ্রামের বাসিন্দা ধীরেন্দ্রনাথ রায় মোড়ল ওই জমি গত ১ জুন ঢাকার বেঙ্গল এলপিজি লিমিটেডের কাছে ১ কোটি ১ লাখ ১৮ হাজার টাকায় বিক্রি করে দেন। ধীরেন্দ্রনাথ সম্পর্কে ফুল কুমারীর স্বামীর ভাতিজা ও সাবিত্রীর দেবর। তিনি দুজনকেই মৃত দেখিয়ে নিকটাত্মীয় হিসেবে জমিগুলো নিজ নামে জাল কাগজপত্র তৈরি করেন।
ধীরেন্দ্রনাথ রায় দাবি করেন, আইন মেনেই জমি বিক্রি করেছেন। ওই জমির স্বত্ববান তিনিই। এ-সংক্রান্ত কাগজপত্র তাঁর কাছে আছে। দলিলে ফুল কুমারী ও সাবিত্রীকে মৃত দেখানোর বিষয়ে তিনি বলেন, ‘দলিল লেখক অসাবধানতাবশত কোনো ভুল করেছেন কি না, তা আমি জানি না।’
জমির ক্রেতা বেঙ্গল এলপিজির স্থানীয় প্রতিনিধি রেজাউল করিম বলেন, বৈধ মালিকের কাছ থেকে তাঁরা জমি কিনেছেন। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেই সাব-রেজিস্ট্রার দলিল করেছেন।
দুই নারীর ঘটনা অনুসন্ধানে গিয়ে প্রথম আলো ওই এলাকায় একটি প্রতারক চক্রের সন্ধান পায়। চক্রটি প্রথমে ভয়ভীতি দেখিয়ে মালিকদের জমি বিক্রি করতে বাধ্য করে। এরপরও বিক্রি করতে না চাইলে জালিয়াতির আশ্রয় নেয় তারা।
শেলাবুনিয়া গ্রামে যেতেই চোখে পড়ে পরিত্যক্ত একটি বাড়ির উঠানে সাইনবোর্ড ঝোলানো। তাতে বায়না সূত্রে একটি কোম্পানির মালিকানার কথা জানান দেওয়া। বাড়িতে কেউ নেই। প্রতিবেশী সুরঞ্জন মোড়ল বললেন, ১০ কাঠার ওই জমির মালিক মানস মহলদার। কিন্তু এলাকায় দালাল বলে পরিচিত নীলকমল গাইন জমিটি বিক্রির জন্য একজনের সঙ্গে বায়না চুক্তি করেছেন। সজলই সেখানে সাইনবোর্ড ঝুলিয়েছেন।
মানস মহলদার মুঠোফোনে বলেন, লেখাপড়ার কারণে তিনি মায়ের সঙ্গে খুলনায় থাকেন। এ সুযোগে ভুয়া কাগজপত্র দিয়ে তাঁর সম্পত্তিটি আত্মসাৎ করেছেন নীলকমল গাইন ও তাঁর সহযোগীরা। প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে কিছু করা যাচ্ছে না।
এরপর গ্রামের রাস্তা ধরে সামনে হাঁটতেই ফসলি জমি, বসতবাড়ি, বৈদ্যুতিক খুঁটি এবং নদীর চরে জমির মালিকানাসংবলিত বিভিন্ন সাইনবোর্ড ঝুলতে দেখা যায়। গ্রামের বাসিন্দা সনজিৎ রায়, সুজন রায়, কিশোরী শীলসহ কয়েকজন বলেন, মোংলা বন্দরের আশপাশের এলাকায় গড়ে উঠছে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান। তারা এখানে জমি কিনছে। ফলে জমির দাম বাড়ার সঙ্গে বাড়ছে দালাল ও প্রতারক চক্রের তৎপরতা। এ চক্রের সঙ্গে উপজেলা সাব-রেজিস্ট্রার ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ রয়েছে।
তবে নীলকমল গাইন অভিযোগ অস্বীকার করে বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া জমি বেচাকেনা সম্ভব নয়। এ পর্যন্ত যত জমি কেনাবেচা হয়েছে সবই বৈধভাবে হয়েছে।
অবসরপ্রাপ্ত প্রধান স্কুলশিক্ষক অবিনাষ চন্দ্র রায়ও (৯০) ভুক্তভোগীদের একজন। তিনি বলেন, দালাল চক্রটি খুবই প্রভাবশালী। তারা নিজেদের পছন্দমতো কোম্পানির কাছে জমি বিক্রি করতে চাপ দেয়। বিক্রি না করলে রাতারাতি জমিজমার কাগজপত্র বদলে দিতে পারে।
স্থানীয় বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিখিল চন্দ্র রায় এলাকায় প্রতারক দালাল চক্রের তৎপরতার কথা স্বীকার করে বলেন, এলাকার প্রকৃত জমির মালিকেরা নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন। এ নিয়ে তিনিও উদ্বিগ্ন।
মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সুফিয়ান বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, দুই নারীর পক্ষে একটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষকে বলা হয়েছে। পুলিশও পৃথকভাবে ঘটনাটি তদন্ত করে দেখছে।