বিকেলে নিজ কার্যালয়ে উপস্থিত না থাকায় ২১ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৪ মার্চ বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বেতন কেটে নেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো আইন বা বিধি অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।বেতন কাটার এ সিদ্ধান্ত শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তাঁদের অভিযোগ, প্রশাসন ‘গায়ের জোরে’ এমন সিদ্ধান্ত নিয়েছে।কর্তৃপক্ষ বলছে, বিকেলে বেশির ভাগ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কর্মস্থলে থাকেন না। সকালে সই করে অনেকেই চলে যান। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ৭৬ জন শিক্ষকের অনেকেরই কোনো সুনির্দিষ্ট কাজ নেই। কাজে ‘ফাঁকি দেওয়ার প্রবণতা’ কমাতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।সূত্র জানায়, গত ১৪ মার্চ বেতন কর্তনের সিদ্ধান্ত নেওয়ার পর ১৫ মার্চ কর্তৃপক্ষ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে প্রথমবার এবং বিকেল সাড়ে তিনটায় দ্বিতীয়বার হাজিরা খাতায় সই করার বিজ্ঞপ্তি দেয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফিরোজ আহমদ আখতারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে এক বেলা উপস্থিত পাওয়া না গেলে ওই দিন তাঁকে অফিসে অনুপস্থিত বলে গণ্য করা হবে এবং তাঁর এক দিনের বেতন কাটা হবে।প্রথমে বিভাগগুলো বিষয়টি আমলে না নেওয়ায় গত ১১ এপ্রিল পুনরায় বৈকালিক হাজিরা প্রেরণের জন্য সব বিভাগীয় প্রধানকে অনুরোধ করা হয়। এই পরিপ্রেক্ষিতে গত মাসে বিভাগীয় প্রধানদের পাঠানো তালিকা অনুযায়ী ১৪ শিক্ষক, দুই কর্মকর্তা ও পাঁচ কর্মচারীর বেতন কাটার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এর মধ্যে ১০ শিক্ষক ১৪ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সব কর্মদিবসে (ছুটি ছাড়া) বিকেলে অনুপস্থিত ছিলেন। অন্য চারজন এক দিন করে বিকেলে অনুপস্থিত ছিলেন। এক বেলা অনুপস্থিতির কারণে তাঁদের পুরো দিন অনুপস্থিত দেখানো হয়। আর পাঁচ কর্মচারীর দুজন দুই দিন এবং তিনজন এক দিন করে অনুপস্থিত ছিলেন।গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এক পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের বেতন কাটার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে অনুরোধ করেন।এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফিরোজ আহমদ আখতার কোনো মন্তব্য করেননি।বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) তোফায়েল আহমদ চৌধুরী বলেন, শিক্ষক হিসেবে তাঁদের এ সিদ্ধান্ত নিতে কষ্ট হয়েছে। কিন্তু এ সিদ্ধান্ত নিতে তাঁরা বাধ্য হয়েছেন। তিনি বলেন, এমন অনেকে আছেন, যাঁরা মাসের পর মাস বিশ্ববিদ্যালয়ে আসেন না।সহ-উপাচার্যের এ বক্তব্যের জবাবে কর্মকর্তা-কর্মচারীদের কয়েকজন জানান, বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার ৭০০ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে ৫০০ থেকে ৬০০ জনের কাজ নেই। জোট সরকারের মেয়াদে নিয়োগ পাওয়ায় তাঁদের বসিয়ে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রে আটজন উপরেজিস্ট্রার ও দুজন সহকারী রেজিস্ট্রারকে একটি কক্ষের মধ্যে গাদাগাদি করে বসতে দেওয়া হয়। এঁদের বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ১০-১২টি পদ ভারপ্রাপ্ত ও কনিষ্ঠদের দিয়ে চালানো হচ্ছে। ওই সব পদে জ্যেষ্ঠ ও যোগ্য কর্মকর্তা থাকলেও তাঁদের কাজ দেওয়া হয় না। এভাবে দিনের পর দিন কাজ না থাকায় কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই চাকরি রক্ষায় হাজিরা খাতায় সই করছেন।জানা যায়, কর্তৃপক্ষ ফাঁকিবাজি বন্ধ করতে বেতন কাটলেও কার্যত তা কমেনি। বিশেষ করে এ সিদ্ধান্তের আইনগত ভিত্তি না থাকায় অনেকেই এটাকে গুরুত্ব দিচ্ছেন না। গতকাল মঙ্গলবার ভুক্তভোগী কয়েকজন শিক্ষক বেতন কাটার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সিন্ডিকেটের কাছে আবেদন জানিয়েছেন। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে তাঁরা আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন।সহ-উপাচার্য তোফায়েল আহমদ বলেছেন, কাজকর্মে গতিশীলতা বাড়াতে কর্তৃপক্ষ চেষ্টা করছে। ডিজিটাল ক্যামেরা বসানো হয়েছে। এটি সবার দায়িত্বশীলতার বিষয়। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেসব সমস্যা পুঞ্জীভূত হয়ে আছে, তা ধীরে ধীরে কমানোর চেষ্টা চলছে।