দুই বেলায়ই মশার কামড়
একটি সৃজনশীল বইয়ের দোকান শিকড়। সন্ধ্যার পর অনেকেই এখানে আসে বইপত্র কিনতে বা নতুন বইয়ের খোঁজ করতে। বই ঘিরে আড্ডা দিতে। কিন্তু স্বস্তিতে বসার অবস্থা থাকে না কারও। কিছুক্ষণ পরপরই হাত-পায়ে থাপড় মারতে হচ্ছে। এটা শুধু শিকড়ের চিত্র নয়, মৌলভীবাজার শহরের বিভিন্ন বাসাবাড়ি, দোকানপাট, সরকারি-বেসরকারি কার্যালয়ে সমানতালে চলছে এই মশার উপদ্রব। দিন-রাত ২৪ ঘণ্টাই মশার কামড় খাচ্ছে পৌরবাসী।গত রোববার সন্ধ্যার পর শিকড়ে বসে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে মৌলভীবাজার পৌরসভার ফরেস্ট অফিস রোডের বাসিন্দা রত্নেশ্বর সিংহ বলেন, ‘মশা এত বেড়েছে যে, সন্ধ্যার পর কয়েল না জ্বালিয়ে বসার কোনো উপায় নেই। অনেক সময় কয়েলেও কাজ হয় না।’ শহরের কোর্ট রোডের চৌমোহনা এলাকার বাসিন্দা শ্রীমঙ্গল সরকারি কলেজের সহকারী সৈয়দ মুজিবুর রহমান বলেন, ‘এটা তো গেল সন্ধ্যার পরের কথা। দিনের বেলায়ই বসার উপায় নেই। একটু বেখেয়ালি হলেই হাত-পায়ে কামড় বসিয়ে দেয়। মশানিধনের কোনো উদ্যোগও দেখি না।’ পৌরসভা সূত্র জানিয়েছে, মশানিধন ও মশার বংশবিস্তার রোধ করতে ওষুধ ছিটানোর জন্য পৌর কর্তৃপক্ষ দুটি ‘ফগার মেশিন’ কিনেছিল। কিন্তু এগুলো যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না। মেশিন দুটি বেশির ভাগ সময়ই অব্যবহূত অবস্থায় পড়ে আছে। অর্থসংকটে মশানিধনের ওষুধ কেনা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন গতকাল সোমবার বলেন, ‘এটা ঠিক, মশা খুব যন্ত্রণা করছে। তবে আমরা মাঝেমধ্যে ওষুধ ছিটিয়ে থাকি। এ ছাড়া মশানিধনে আমাদের আর কোনো কার্যক্রম নেই।’