দুই বোনকে ধর্ষণের অভিযোগ তিন তরুণ কারাগারে
আটোয়ারীর পল্লিতে সহোদর দুই বোনকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে আসামি করে গত শনিবার পঞ্চগড়ের আটোয়ারী থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেছেন তাদের বাবা। এ মামলায় তিন তরুণকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার হওয়া তরুণেরা হলেন: আবু সাঈদ (১৯), আবু জাহেদ (২৪) ও খালেক (২০)। তাঁদের তিনজনের বাড়ি আটোয়ারী উপজেলার রাধানগর প্রধানপাড়া গ্রামে। অন্য দুজন আসামি হলেন: কালু ও অজ্ঞাতনামা ভ্যানচালক।মামলার এজাহারে বলা হয়েছে, ওই দুই কিশোরী ঈদের দিন সন্ধ্যায় পার্শ্ববর্তী গ্রামে খালার বাড়ি বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে রাধানগর প্রধানপাড়া গ্রামের আবু সাঈদ, আবু জাহেদ ও কালু ওরফে মোহাম্মদ আলী তাদের পথ রোধ করে অপহরণ করে পাশের ঠাকুরগাঁও সদরের সেন্নিহাঁড়ি এলাকায় নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে রাতভর তাদের গণধর্ষণ করেন তাঁরা।এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবু সাঈদের সঙ্গে ছোট বোনের প্রেমের সম্পর্ক ছিল। ঈদের দিন দুই বোন মিলে সাঈদের সঙ্গে স্বেচ্ছায় সেন্নিহাঁড়ি এলাকায় যায়। পরদিন বৃহস্পতিবার সকালে ওই তরুণেরা রিকশা-ভ্যানে করে দুই বোনকে বাড়ি নিয়ে যান। এ সময় গ্রামবাসী ভ্যানচালকসহ তাঁদের আটক করে। খবর পেয়ে আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মন্তাজ আলী ঘটনাস্থলে গিয়ে আটক তরুণদের ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন, কিন্তু গ্রামবাসী এতে রাজি না হলে ওই এসআই স্থানীয়ভাবে বিষয়টি আপস করে নেওয়ার কথা বলে চলে যান। কিন্তু মেয়েপক্ষ বিয়ের জন্য চাপ দেয়। এ নিয়ে সারা দিন দেনদরবার চললেও কোনো ফয়সালা হয়নি। গত শুক্রবার তরুণদের বন্ধু আ. খালেকসহ ৮-১০ জন ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তাঁরা জাহেদকে একটি বিষের বোতল দিয়ে সটকে পড়ার চেষ্টা করলে গ্রামবাসী আবদুল খালেককে আটক করে। এ সময় জাহেদ বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। বড় বোনও ওই বিষ পান করে। দুজনকে গত শুক্রবার রাতেই ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়।আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজনুর রহমান জানান, এ ব্যাপারে থানায় অপহরণ ও ধর্ষণের মামলা হয়েছে। ছোট মেয়ের ডাক্তারি পরীক্ষা হয়েছে। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তারও ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। আসামি তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে; তবে এসআই মন্তাজ আলীর বিরুদ্ধে আনা অভিযোগ ঠিক নয়।পঞ্চগড়ের পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান জানান, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।