দুই বোনকে বিয়ে করতে না পেরে ছোট ভাই-বোনকে অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় বোনকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু মাদকাসক্ত ও বখাটে হওয়ায় ইকবাল হোসেনের কাছে তাঁকে বিয়ে দেওয়া হয়নি। এরপর তাঁর নজর পড়ে মেজো বোনের দিকে। কিন্তু একই কারণে এবারও তিনি ব্যর্থ। এতে ক্ষুব্ধ হয়ে ইকবাল তাদের ছোট বোনকে অপহরণের চেষ্টা করেন। সর্বশেষ গতকাল রোববার অপহরণের চেষ্টা করেন তাদের এক ভাইকেও। চাঞ্চল্যকর এ ঘটনা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার। আগের ঘটনায় ইকবালের বিরুদ্ধে মামলা করা হলেও পুলিশের ভূমিকা রহস্যজনক। প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ বলছে, ইকবালকে গ্রেপ্তারে তারা তৎ পর রয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, তিন বোনের এক চাচাতো ভাই (৮) গতকাল সকালে স্থানীয় এক মক্তবে যাচ্ছিল। পথে ইকবাল তাকে অপহরণের চেষ্টা করেন। কিন্তু স্থানীয় লোকজনের বাধায় তিনি ছেলেটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যান। জানা যায়, জগৎ পুর গ্রামের একটি মেয়েকে (২৫) বিয়ের প্রস্তাব দিয়েছিলেন একই এলাকার ইকবাল। কিন্তু তিনি মাদকাসক্ত হওয়ায় মেয়েটির পরিবার তাঁকে দ্রুত অন্যত্র বিয়ে দিয়ে দেয়। এরপর ইকবালের নজরে পড়ে ওই মেয়েটির মেজো বোনের (১৭) দিকে। স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন। এ অবস্থায় মেয়েটির পরিবার ছয়-সাত মাস আগে তার স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এর পরও ইকবাল তাদের বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দিলে পরে তাকে তার নানার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত ইকবাল ছয়-সাতজনের একটি সন্ত্রাসী দল নিয়ে গত ২৫ জুলাই মেয়েটির বাড়িতে হামলা চালান। তারা ছোট মেয়েকে (১৩) অপহরণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটির চাচা বাধা দিলে সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে ১৮টি আঘাত করে গুরুতর জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা করেন তাদের চাচি।জানতে চাইলে বখাটে ইকবাল ছোট বোনকে অপহরণের চেষ্টার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘বড় বোনকে বিয়ে করতে চেয়েছি। কিন্তু পরিবারের লোকজন তাঁর কাছে বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। এখন আমি তাঁর মেজো বোনকে বিয়ে করতে চাই। কিন্তু পরিবারের লোকজন তাকেও অন্যত্র সরিয়ে দেয়।’