দুই বোনসহ পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের চরখিরাটি গ্রামের তাতেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই শিশুরা হলো ঘাগটিয়া দক্ষিণ-পূর্বপাড়া গ্রামের মিলন মিয়ার দুই মেয়ে সিনথিয়া (৭) ও সিনহা (১১) এবং নরসিংদীর মনির হোসেনের মেয়ে হিমা (১২)। তাদের মধ্যে হিমা নানিবাড়ি বেড়াতে এসে এ ঘটনার শিকার হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, দুপুরের পর থেকে তিন শিশুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এতে চিন্তিত হয়ে পড়ে তাদের পরিবার। খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলে তাদের একজনের লাশ পাওয়া যায় বাড়ির পাশের বানার নদে। এরপর একই জায়গায় পানির নিচ থেকে বাকি দুজনের লাশ উদ্ধার করা হয়।
পরিবারের বরাত দিয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, গোসল করতে তারা নদীতে যায়। তাদের একজন পানিতে ডুবে গেল তাকে বাঁচাতে বাকি দুজন এগিয়ে গেলে তারাও পানিতে ডুবে মারা যায়। শিশু তিনটির লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।