দুই বোনের মৃত্যুতে হারিয়ে গেছে পুরো গ্রামের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশাপাশি দুই বাড়ি থেকেই ভেসে আসছিল বুকফাটা বিলাপ। কাছে গিয়ে দেখা গেল, উঠানে দুটি শিশুর নিথর দেহ শোয়ানো। দুই শিশুর দুই মা নতুন কেনা ফ্রক, জুতা নিয়ে বিলাপ করছেন। শোকে পাথর হয়ে আছেন দুই বাবা। চোখ মুছছে প্রতিবেশীরাও। খেলতে গিয়ে পুকুরে পড়ে মারা গেছে চাচাতো দুই বোন শাকিলা জেসমিন (৫) ও শারমিনা আক্তার (৬)।কয়েক দিন টানা বৃষ্টির পর গতকাল সোমবার ঝলমলে রোদ ওঠায় খুশিতে নেচে উঠেছিল মেহেরপুরের সদর উপজেলার বুড়িপোঁতা গ্রামের শাকিলা ও শারমিনাও। মনের আনন্দে দুজন বাড়ির বাইরে বেরিয়েছিল ঘুরতে। আবার একসঙ্গে ফিরে এসেছে তারা। তবে নিথর দেহে, লাশ হয়ে।শাকিলার বাবা সাহাজুল ইসলামের বিক্ষিপ্তভাবে বলা কথা থেকে জানা গেল, একমাত্র মেয়েটির জন্যই তাঁর বাড়িতে ঈদের সব কেনাকাটা হয়েছে। শাকিলা বাবার সঙ্গে দোকানে ঘুরে ঘুরে পছন্দমতো জামা, জুতা, নেইল পালিশ, টিপ কিনেছে।শারমিনার বাবা দুবাইপ্রবাসী মিরাজুল ইসলাম জানান, একমাত্র মেয়ের অনুরোধ আর নিজেও মেয়ের জন্য অস্থির হয়ে এবার বিদেশ থেকে বাড়ি এসেছিলেন ঈদ করতে। এবার মেয়ের জন্য অনেক কিছু কেনাকাটা করেছিলেন। যাওয়ার আগে শারমিনা বাবাকে বলে গিয়েছিল, ‘শাকিলার সঙ্গে একটু ঘুরে আসছি।’গ্রামবাসী জানান, দুই পরিবারেরই একমাত্র সন্তান শাকিলা ও শারমিনা। দুজনে গতকাল দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে গ্রামের স্কুলের মাঠে খেলছিল। খেলা শেষে দুজনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু দুটির সন্ধানে গ্রামে মাইকিং করা হয়। বিকেলের দিকে তাদের লাশ গ্রামের আলিহিমের পুকুরে ভেসে ওঠে। বুড়িপোঁতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাজাহান আলী বলেন, শিশু দুটি খুব চঞ্চল ছিল। পরিবারের মতো গ্রামবাসীর কাছেও তারা ছিল খুব আদরের। তাদের এই মৃত্যুতে শুধু দুই পরিবারেই নয়, পুরো গ্রামবাসীর ঈদের আনন্দই হারিয়ে গেছে।