দুই বোনের সাফল্যে হাসি ভাইদের মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সব সময় ভাইদের কষ্টের কথা মনে রেখে লেখাপড়া করেছি। এখন আমাদের চেয়েও ভাইয়েরা বেশি খুশি।’কথাগুলো বলছিল দুই বোন চুমকি বেগম ও সুলতানা বেগম। এবারের এসএসসি পরীক্ষায় সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয় থেকে তারা মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে।তাদের এই সাফল্যের পেছনে রয়েছে নিজেদের চেষ্টা আর ভাইদের সংগ্রাম। তাদের বাড়ি সুনামগঞ্জ শহরতলির মাইজবাড়ি গ্রামে। মা-বাবা, তিন ভাই আর তিন বোনের সংসার তাদের। দুই ভাই কাঠমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করেন। এই আয়েই কোনো রকমে চলে সংসার আর বোনদের লেখাপড়া।বড় ভাই নূরুল আমিন বলেন, ‘দুই বোন একসঙ্গে জিপিএ-৫ পেয়েছে। কিন্তু আমরা কেউই পাঠশালা পাস করতে পারিনি। এখন বোনদের নিয়েই আমাদের সব স্বপ্ন।’ চুমকি বেগম বলে, ‘আসলে বিজ্ঞান বিভাগে পড়ার ইচ্ছে ছিল। কিন্তু তখন তো প্রাইভেট পড়তে হতো। টাকা দিতে ভাইদের কষ্ট হবে ভেবেই মানবিক বিভাগে পড়েছি।’সুলতানা জানায়, তারা বাড়ি থেকে তিন কিলোমিটার হেঁটে স্কুলে যাতায়াত করত। ভাইদের স্বপ্নের কথা মাথায় রেখেই দুই বোন চেষ্টা চালিয়ে যাবে।