দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু
শাহজাহানপুর ও চানখাঁরপুলে অজ্ঞাত এক ব্যক্তিসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে শাহজাহানপুরে অস্বাভাবিক মৃত্যু হওয়া ব্যক্তির নাম গোলাম সারোয়ার (৩০)।
হাসপাতালে গোলাম সারোয়ারের স্বজনেরা বলেন, সারোয়ার রেলওয়েতে জুনিয়র নিরীক্ষা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু গত কয়েক মাস তিনি কর্মস্থলে যেতেন না। মাদক সেবন করতেন। বাবা-মায়ের সঙ্গে শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে থাকতেন। গত বৃহস্পতিবার রাতে খাওয়ার সময় সারোয়ারের মা তাঁকে কর্মস্থলে যেতে বলেন। এ নিয়ে রাগারাগি করেন সারোয়ার। রাতের খাবার শেষে সারোয়ার নিজ কক্ষে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে অনেক ডাকাডাকি করেও তাঁর সাড়া পাওয়া যায়নি। একপর্যায়ে তাঁর ছোট ভাই গোলাম ফারুক ফ্যানের সঙ্গে সারোয়ারকে ঝুলন্ত দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে গতকাল বেলা আড়াইটার দিকে চানখাঁরপুল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা-পুলিশ। শাহবাগ থানার উপপরিদর্শক মো. মোস্তাফিজ বলেন, ফুটপাতে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তিনি মাদকাসক্ত ছিলেন। তাঁর বিস্তারিত পরিচয় না পাওয়ায় লাশটি আঞ্জুমানে মুফিদুল ইসলামে দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই তাঁর দাফন হবে। মৃত ব্যক্তির পরনে চেক লুঙ্গি ও হলুদ রঙের গোল গলা গেঞ্জি ছিল।