দুই ব্যক্তির দ্বন্দ্ব, কলেজ ২২ দিন বন্ধ
শিক্ষার্থীদের ‘শারীরিক নির্যাতনের’ ঘটনার পর অধ্যক্ষ ও কলেজ পরিচালনা পর্ষদের সম্পাদকের দ্বন্দ্বের জের ধরে ২২ দিন ধরে বন্ধ কুমিল্লা সিটি কলেজ। কলেজের চারটি ছাত্রাবাস ও একাডেমিক ভবনে তালা ঝুলছে।সূত্র জানায়, জামায়াতের নেতাদের মালিকানাধীন কুমিল্লা সিটি কলেজে নার্সারি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত প্রায় ৮০০ শিক্ষার্থী পড়াশোনা করে। সম্প্রতি নগরের রেসকোর্স এলাকা থেকে কলেজের অধ্যক্ষ মুহম্মদ ইফতেখার আলম ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কুমিল্লা মহানগর জামায়াতের সদস্য (রুকন) এবং আদর্শ সদর উপজেলার পশ্চিম এলাকার সহকারী সেক্রেটারি। নগরের গন্ধমতী এলাকার একটি ভাড়াবাড়িতে কুমিল্লা সিটি কলেজের কার্যক্রম পরিচালিত হয়। সূত্র জানায়, ৩ ফেব্রুয়ারি কোচিং ক্লাসে আসতে দেরি করায় কলেজ পরিচালনা পর্ষদের সম্পাদক আরিফুজ্জামান কলেজের একাদশ শ্রেণীর দুই ছাত্রীকে বেত্রাঘাত করেছেন—এই অভিযোগে পরদিন শিক্ষার্থীরা বিক্ষোভ করে। অধ্যক্ষ মুহম্মদ ইফতেখার আলম ভূঁইয়া শিক্ষার্থীদের উসকানি দিয়ে আন্দোলন করাচ্ছেন—এমন অভিযোগে কলেজের সম্পাদক আরিফুজ্জামান তাঁর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এর পর থেকে কলেজের ছাত্রাবাস, ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। কলেজের শিক্ষার্থীরা বলেন, ‘অধ্যক্ষ ও কলেজ পরিচালনা পর্ষদের দ্বন্দ্বের কারণে তাঁদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। কলেজে ভর্তি হওয়ার পর জানতে পারি, অধ্যক্ষ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। জানলে এখানে ভর্তি হতাম না।’ শিক্ষার্থীদের অভিযোগ, কলেজটিতে কোনো ধরনের শৃঙ্খলা নেই। যখন তখন বিভিন্ন খাতে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়া হয়। পরিচালনা পর্ষদের একাধিক সদস্য জানান, ২০০৮ সাল থেকে কুমিল্লা সিটি বহুমুখী সমবায় সমিতির প্রকল্প হিসেবে কলেজটি পরিচালিত হয়ে আসছে। দেড় বছর ধরে কলেজের অধ্যক্ষ ও সমিতির নির্বাহী সদস্যদের মধ্যে কলেজ পরিচালনা নিয়ে মতবিরোধ চলে আসছে। সমিতির নেতাদের অভিযোগ, অধ্যক্ষ জামায়াতের প্রভাব খাটিয়ে কলেজে একনায়কতন্ত্র চালান। কলেজ পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদুল হক মজুমদার ও ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম রেজা বলেন, শিগগিরই বৈঠক করে কলেজ খুলে দেওয়া হবে। তাঁরা বলেন, কলেজের অধ্যক্ষ ও সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়েছে।