দুই ব্যক্তির লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মনতলা এলাকা থেকে রোববার সন্ধ্যায় আবদুল মান্নান (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন দুপুরে পুলিশ উপজেলার রাখালিয়াচাল এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।পুলিশ সূত্র জানায়, গত ২৮ জুলাই মনতলা গ্রামের আবদুল মান্নান কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি। রোববার সন্ধ্যায় এলাকার একটি ডোবায় তাঁর লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন, নাকি দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে—এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।এদিকে কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা উত্তরাপাড়া এলাকার একটি গজারি বন থেকে রোববার দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর।