দুই ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গতকাল রোববার নাটোরের বড়াইগ্রামে গরু ব্যবসায়ী লুৎফর রহমান (৪০) ও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কাঠ ব্যবসায়ী তাজিম উদ্দিন (৪৫) নিহত হয়েছেন।নিহত লুৎফর গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ গ্রাম এবং তাজিম উদ্দিন আক্কেলপুর উপজেলার দক্ষিণ রামশালা গ্রামের বাসিন্দা।বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন ইসলাম জানান, গতকাল ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গায় মেহেরপুর থেকে ঢাকাগামী গরুবোঝাই ট্রাক ও বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লুৎফর রহমান গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করলে সেখানে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আহত ট্রাকচালক আল-আমিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আক্কেলপুর থানার ওসি সহিদার রহমান জানান, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে তাজিম উদ্দিন মোটরসাইকেল নিয়ে জাফরপুর বাজারে তাঁর দোকানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন। আক্কেলপুর-তিলকপুর সড়কের জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে তাজিমউদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। বাসচালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে পৌর সদরের সিদ্দির মোড়ে চালক বাসটি রেখে পালিয়ে যান। সেখান থেকে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে।