দুই ব্যবসায়ীকে আটক করেছে সেনা প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাসদস্যদের কর্তব্য থেকে বিচ্যুত করা এবং সেনাবাহিনীর স্পর্শকাতর তথ্য পাচারের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে সেনা প্রশাসন। এঁরা হলেন মিনহাজুল আবেদিন ও মাহতাবুর রহমান ওরফে মুরাদ। এঁরা দুজনই ব্যবসায়ী বলে জানা গেছে। সেনা প্রশাসনের পক্ষ থেকে ২৩ জুন ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে এঁদের আটকের ব্যাপারে জানানো হয়।
ডায়েরির ব্যাপারে জানতে চাইলে গুলশান বিভাগের উপকমিশনার সৈয়দ লুৎফুল কবির প্রথম আলোকে বলেন, দুই ব্যক্তি সেনা হেফাজতে আছেন। এ ব্যাপারে পুলিশের কিছু করণীয় নেই। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
দুই ব্যক্তি আটকের ব্যাপারে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে কোনো তথ্য পাওয়া যায়নি।
ক্যান্টনমেন্ট থানার পুলিশ জানায়, ৫৭ ইস্টবেঙ্গলের ওয়ারেন্ট অফিসার মমিনুর রহমান ২৩ জুন একটি ডায়েরি করেন (ডায়েরি নম্বর-৯৬৬)। ডায়েরিতে তিনি অভিযোগ করেন, ‘দুই ব্যক্তিকে সেনাবাহিনীতে কর্মরত বিভিন্ন পদবির সেনাসদস্যদের তাদের কর্তব্য থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে প্ররোচিত করা এবং সেনাবাহিনীর স্পর্শকাতর তথ্য পাচারের চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে। সেনা আইন অনুসারে তারা সেনা হেফাজতে রয়েছে।’
থানার নথিপত্রে দেখা গেছে, আটক করা দুই ব্যক্তির মধ্যে মিনহাজুল আবেদিনের ঠিকানা সেনপাড়া পর্বতা। গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানায়। আর মাহতাবুর রহমানের ঠিকানা লালবাগ এলাকায়। গ্রামের বাড়ি লালমনিরহাটের রাজাপুরে।
ডায়েরিতে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে থানার উপপরিদর্শক (এসআই) শরিফুজ্জামানকে। জানতে চাইলে শরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, কিছু অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী তাঁদের আটক করেছে।
ডায়েরির ঠিকানা অনুসারে মিনহাজুল আবেদিনের ব্যাপারে খোঁজ নিলে তাঁর স্ত্রী শাকিলা জামান প্রথম আলোকে বলেন, মিনহাজুল আবেদিন ঠিকাদারি করেন। ২৩ জুন ক্যান্টনমেন্ট থানায় গিয়ে তাঁর স্বামীকে আটক করার কথা জানতে পারেন। তিনি বলেন, কেন তাঁকে আটক করা হয়েছে, তার কিছুই পরিবারের লোকজন জানে না। আটকের ১০ দিন পরও তাঁরা কিছুই জানতে পারেননি। তিনি মনে করেছিলেন, কেউ তাঁকে গুম করেছে। এ নিয়ে তিনি র্যাবের কাছেও অভিযোগ করেছেন। শাকিলা জামান বলেন, ১২ জুন বিকেল সাড়ে পাঁচটার দিকে মিনহাজুল বাসা থেকে মোটরসাইকেলে করে মানিকদী এলাকায় যান। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ নেই। বাসা থেকে বের হওয়ার সময় তাঁর হাতে দুটি ফোনসেট ছিল। এসব নম্বরে ফোন করে তিনি দেখেন ফোনগুলো বেজে যাচ্ছে কিন্তু কেউ ধরছে না। এরপর ১৩ জুন তিনি স্বামীর নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি করেন (ডায়েরি নম্বর-৫৮০)।
থানার পুলিশের এক সদস্য প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীর স্ত্রী ডায়েরি করার পর পুলিশ নিখোঁজ মিনহাজুল আবেদিনের ব্যাপারে খোঁজ করতে গিয়ে জানতে পারে তাঁর ফোনের অবস্থান সেনা সদরের আশপাশে। এরপর পুলিশের পক্ষ থেকে বিষয়টি সেনা কর্মকর্তাদের জানানো হয়। এর সাত দিন পর সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়।
এদিকে, মাহতাবুর রহমান বিষয়ে খোঁজ করেও কোনো তথ্য পাওয়া যায়নি৷