দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ
ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি বাজারের ব্যবসায়ীরা গতকাল সোমবার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। ওই বাজারের দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে তাঁরা এসব কর্মসূচি পালন করেন।ব্যবসায়ী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার বক্তারমুন্সি বাজারের পাশে মোয়াজ্জেম হোসেন উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় একটি ক্লাবের সঙ্গে রামচন্দ্রপুর গ্রামের একটি দলের মধ্যে ফুটবল খেলা হয়। একটি বিতর্কিত গোলকে কেন্দ্র করে খেলা পণ্ড হয়ে যায়। এতে ওই দুই দলের সমর্থকদের মধ্যে মাঠের বাইরে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে রাত আটটায় ওই ক্লাবের সমর্থকেরা বক্তারমুন্সি বাজারের ব্যবসায়ী ইব্রাহিম (৩২) ও তাঁর বাবা জালাল মিয়াকে (৫৬) পিটিয়ে ও কুপিয়ে জখম করে।এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বণিক সমিতি গতকাল সোমবার সমাবেশ ও ধর্মঘটের ডাক দেয়। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনাস্থলে এসে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে ব্যবসায়ীরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।