দুই ব্যবসায়ীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাই
পিরোজপুরের কাউখালী উপজেলায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার কচুয়াকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই ব্যবসায়ী হলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বাবুল সাহা ও বরিশালের বানারীপাড়া উপজেলার অসীম কুণ্ডু।
হাসপাতাল ও আহত ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, বিকেলে বাবুল সাহা ও অসীম কুণ্ডু স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা আদায় করে মোটরসাইকেলে নেছারাবাদ যাচ্ছিলেন। কচুয়াকাঠি এলাকায় চার যুবক তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করে দুটি ককটেল ফাটায়। এরপর চাপাতি দিয়ে কুপিয়ে তাঁদের জখম করে। এ সময় তারা বাবুল সাহার কাছ থেকে ১২ লাখ ও অসীম কুণ্ডুর কাছ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওসমান গণি বলেন, অসীম কুণ্ডুর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কাউখালী থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় পারভেজ মহাজন নামের এক যুবককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।