দুই ব্যবসায়ীকে কোপালেন আওয়ামী লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক আওয়ামী লীগ নেতা তাঁর সহযোগীদের নিয়ে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ এর প্রতিবাদে ওই নেতার গ্রামে হামলা চালিয়ে সাতটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে৷ পরে বিক্ষুব্ধ লোকজন উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মায়েনদিয়া বাজারে হামলা চালাতে গেলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, পরমেশ্বরদী ইউনিয়নের শেখপাড়া ও পাশের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের লোকজনের মধ্যে মায়েনদিয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল৷ ৯ জুন রাতেও এ বিরোধকে কেন্দ্র করে খারদিয়া গ্রামের লোকজন শেখপাড়া গ্রামে হামলা ও ভাঙচুর করেন৷ এর জের ধরে শেখপাড়া গ্রামের বাসিন্দা সিদ্দিক মাতুব্বর তাঁর লোকজন নিয়ে গতকাল দুপুর ১২টার দিকে ময়েনদিয়া বাজারে খারদিয়া গ্রামের পাট ব্যবসায়ী আকুব্বর মাতুব্বর (৪৫) ও সিদ্দিক বিশ্বাসের (৪৮) দোকানে ঢুকে তাঁদের কুপিয়ে জখম করেন৷ সিদ্দিক পরমেশ্বরদী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি৷ সিদ্দিকের ভাতিজা মজনু মাতুব্বরও এই হামলায় অংশ েনন৷ পরে গুরুতর অাহত অবস্থায় দুই পাট ব্যবসায়ীকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়৷ পরে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়৷
হামলার খবর ছড়িয়ে পড়লে খারদিয়া গ্রামের কয়েক শ লোক দেশীয় অস্ত্র নিয়ে সাড়ে ১২টার দিকে শেখপাড়া গ্রামে হামলা করেন৷ এ সময় তাঁরা গ্রামের রফিক ফকির, নজরুল ইসলাম, সিদ্দিক ফকির, মুকুল ফকির, ওয়াজেদ মোল্লা, রাজ্জাক মোল্লা ও বাবলু মোল্লার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালান৷ হামলায় গ্রামের আবু তালেব, জামাল মোল্লা, মো. হান্নান ও মো. কাশেম আহত হন৷ তাঁদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ পরে হামলাকারীরা দুপুর দেড়টার দিকে ময়েনদিয়া বাজারে হামলার করার চেষ্টা করেন৷ এ সময় পুলিশ প্রায় ২৮টি গুলি ছুড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে অানে৷
সিদ্দিক মাতুব্বর প্রথম আলোকে বলেন, যুদ্ধাপরাধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের চাচাতো ভাই হাবিবুর রহমানের নেতৃত্বে খারদিয়া গ্রামের কয়েক শ লোক শেখপাড়া গ্রামে হামলা করেন৷ এর জের ধরে ময়েনদিয়া বাজারে দুই ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটে৷
হাবিবুর রহমানের মুঠোফোনে কয়েক দফায় ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি৷ একপর্যায়ে ফোনটি বন্ধ পাওয়া যায়৷