দুই ব্যবসায়ীকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ব্যবসায়ীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সোমবার রাঙামাটির সদর উপজেলার কুতুকছড়ি বাজারে মানববন্ধন হয়েছে। বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন।
গতকাল বেলা ১১টায় কুতুকছড়ি বাজারের পাশে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, গত রোববার কুতুকছড়ি বাজার এলাকার হাববাজার নামক স্থান থেকে ব্যবসায়ী মানবজ্যোতি চাকমা ও বিনিময় চাকমাকে ষড়যন্ত্রমূলকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। কর্মসূচিতে বক্তব্য দেন কুতুকছড়ি বাজার কমিটির সহসভাপতি অক্ষয় চাকমা, কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আনন্দ মণি চাকমা। তাঁরা অভিযোগ করেন, ষড়যন্ত্রমূলকভাবে দোকানে গুলি রেখে দুজনকে আটক করা হয়েছে। পরে তাঁদের হয়রানি করতে থানায় মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ জানান, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।