দুই ব্যবসায়ীকে পিটিয়ে এএসআইয়ের শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী দুই ভাইকে প্রথমে সবার সামনেই দোকানে ফেলে পেটানো হয়। পরে একজনকে থানায় নিয়ে চোখ বেঁধে আরেক দফা বেধড়ক পেটানো হয়। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গী মডেল থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ওই ঘটনা ঘটান। বিকেলে টঙ্গী বাজারের ব্যবসায়ীদের দাবির মুখে ওই ব্যবসায়ীকে ছেড়ে দিতে বাধ্য হন তিনি।
এ ব্যাপারে টঙ্গী মডেল থানার ওই এএসআই মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মিথ্যা বলব না। সত্যি বলছি, তাঁকে (ব্যবসায়ী) থানায় ধরে নিয়ে পাঁচ-ছয়টা বাড়ি দিয়েছি। তবে ভাই নিউজটা কইরেন না, সকালে থানায় আইসেন।’
ঘটনার প্রত্যক্ষদর্শী টঙ্গী বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, দুই মাস আগে এক যৌনকর্মী টঙ্গী বাজারের মির্জা কনফেকশনারির মালিক মির্জা মাহবুব ও তাঁর ভাই মির্জা আছেমের কাছে চার লাখ টাকা চাঁদা দাবি করেন। তাঁরা চাঁদা দেবে না জানালে মিথ্যা মামলায় ফাঁসানোসহ বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মির্জা আছেম ১৫ জুলাই টঙ্গী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অভিযোগ তদন্তের জন্য থানার উপপরিদর্শক (এসআই) সাজেদা লতা গতকাল বেলা সোয়া ১১টার দিকে টঙ্গী বাজারে যান। এ সময় ব্যবসায়ীরা তাঁকে জানান, ওই নারীর সঙ্গে এএসআই মিজানের ভালো সম্পর্ক রয়েছে। তাঁকে চাঁদা না দিলে মিজানের মাধ্যমে হয়রানি করতে পারেন। সাজেদা লতা চলে যাওয়ার পর এএসআই মিজান দুপুর সাড়ে ১২টার দিকে বিশেষ দায়িত্বরত এএসআই জালালকে নিয়ে মির্জা কনফেকশনারিতে গিয়ে ব্যবসায়ীদের ওপর চড়াও হন। মিজান দুই ভাইকে দোকানে ফেলেই মারধর করেন এবং মাহবুবকে পিস্তল ঠেকিয়ে গুলি করতে উদ্যত হন। পরে মাহবুবকে থানায় নিয়ে চোখ বেঁধে বেধড়ক মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
এ ঘটনায় টঙ্গী বাজারের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাঁরা টঙ্গী থানার সামনে জড়ো হয়ে মাহবুবকে ছেড়ে দেওয়ার দাবি জানান। বিকেল পাঁচটার দিকে মাহবুবকে আহত অবস্থায় থানা থেকে ছেড়ে দেওয়া হয়। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান।
এ ব্যাপারে এএসআই মিজান দাবি করেন, ‘আমার সম্পর্কে মিথ্যা কথা বলায় আমি তাঁদের দোকানের (মির্জা কনফেকশনারি) কাছে যাই। পরে রাগের মাথায় মির্জা মাহবুব ভাইকে একটি চড় দিই। পরে তিনি চেঁচামেচি করে আশপাশের লোকজনকে ডেকে আনেন। মনে হয় আমাকে মারবেন—এমন একটা অবস্থার সৃষ্টি করেন।’
টঙ্গী মডেল থানার এসআই সাজেদা লতা বলেন, ওই নারীর বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে।