দুই ব্যবসায়ীকে হত্যার পর পরিবারের সদস্যরা আতঙ্কে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই ব্যবসায়ীকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যার পর তাঁদের পরিবারের লোকজন আতঙ্কে আছেন।
ওই দুই ব্যবসায়ীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা গত ৮ ফেব্রুয়ারি উপজেলা শহরের মধ্যপাড়া এলাকার ব্যবসায়ী তরুণ দত্তকে (৩৮) গলা কেটে হত্যা করে। এ ঘটনায় তরুণের স্ত্রী মিতা দত্ত অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।
তরুণ দত্ত হত্যার ৩ মাস ১৭ দিন পর গত ২৫ মে দুর্বৃত্তরা একই উপজেলার মহিমাগঞ্জ বাজারের জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামাণিককেও (৬৮) গলা কেটে হত্যা করে। এ ঘটনায় দেবেশের স্ত্রী আনন্দ রানী অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। তবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওয়েবসাইটে ওই দুই ব্যবসায়ীকে হত্যার দায় স্বীকার করে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, শিলপাটা ও খালি ড্রাম বিক্রির ব্যবসা করতেন তরুণ দত্ত। উপজেলা শহরে ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে তাঁর দোকান রয়েছে। কিন্তু ঘটনার পর থেকে তাঁর দোকান বন্ধ রয়েছে। তরুণ দত্তের দুই ছেলে। বড় ছেলে প্রেম দত্ত নবম শ্রেণিতে ও ছোট ছেলে অর্ণব দত্ত নার্সারিতে পড়ে।
তরুণের স্ত্রী মিতা দত্ত কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কী বলব, কষ্ট করে চলছি। দোকানটি দিয়ে সংসার চলত। ছেলেরা ছোট। ওরা ব্যবসা বোঝে না। তাই দোকান বন্ধ রেখেছি। আমার নিরীহ স্বামীকে দুর্বৃত্তরা মেরেছে। প্রশাসন যেন ওদের শাস্তি দেয়। আমরা নিরাপত্তার চাই, যাতে আমার দুই ছেলের কোনো ক্ষতি না হয়।’ তরুণ দত্তের বড় ভাই অনুপ দত্ত বলেন, ‘ঘটনার পর কয়েক দিন প্রশাসনের কর্মকর্তারা খোঁজখবর নেন। এরপর আর খোঁজখবর নিচ্ছেন না। ঘটনার পর থেকে আমরা আতঙ্কে আছি।’
ব্যবসায়ী দেবেশ জুতার ব্যবসা করতেন। মহিমাগঞ্জ বাজারে তাঁর জুতার দোকান রয়েছে। ঘটনার পর থেকে সাত দিন জুতার দোকানটি বন্ধ ছিল। এখন তাঁর ছেলে দেবাশিস প্রামাণিক জুতার দোকান চালাচ্ছেন। দেবাশিস বলেন, ‘এখন প্রয়োজনের তাগিদেই বাবার ব্যবসার হাল ধরতে হচ্ছে। নিয়মিত লেখাপড়া করতে পারছি না।’
বর্তমানে কী অবস্থা জানতে চাইলে দেবেশের স্ত্রী আনন্দ রানী বলেন, ‘ছেলেটাকে দিয়ে ব্যবসা চালাচ্ছি। ওর পড়ালেখার ক্ষতি হচ্ছে। কী করব, উপায় নেই।’ তিনি বলেন, সন্তানদের নিয়ে আতঙ্কে আছি।’