দুই ব্যবসায়ীর কাণ্ড
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো মোড়ের কাছে এক ব্যবসায়ীর গুলিতে আরেক ব্যবসায়ী আহত হয়েছেন। আর যাঁর গুলিতে আহত হয়েছেন, তাঁকে গুলি করে পুলিশ। আহত দুই ব্যবসায়ীকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত দুজন হলেন মনিরুজ্জামান ও তাঁর চাচাতো বোনের স্বামী ইমতিয়াজ করিম। গতকাল মঙ্গলবার তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা দেড়টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো রোড এলাকায় মনিরুজ্জামান পিস্তল দিয়ে ইমতিয়াজকে লক্ষ্য করে গুলি করেন। ইমতিয়াজ বাঁ পায়ের উরুতে গুলিবিদ্ধ হন। গুলির শব্দ পেয়ে আশপাশে দায়িত্বে থাকা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মনিরুজ্জামানকে লক্ষ্য করে শটগানের গুলি ছোড়েন। আটটি গুলি মনিরুজ্জামানের পিঠে লাগে। পরে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আহত মনিরুজ্জামান বলেন, গতকাল তিনি ও ইমতিয়াজের স্ত্রী-সন্তান গুলশানের একটি ব্যাংক থেকে টাকা তুলতে যান। ফেরার পথে নাবিস্কো রোডের কাছে ইমতিয়াজ হামলার চেষ্টা করলে তিনি ইমতিয়াজকে গুলি করেন।অন্যদিকে ইমতিয়াজ বলেন, মনিরুজ্জামানই হত্যার উদ্দেশ্যে তাঁকে গুলি করেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, পারিবারিক কলহের জের ধরে তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন। গুলির শব্দ শুনে পুলিশ গিয়ে দেখতে পায় একজনকে গুলি করে পিস্তল হাতে আরেকজন পালিয়ে যাচ্ছেন। তখন পুলিশ তাঁকেও লক্ষ্য করে গুলি ছোড়ে।ওসি বলেন, কী নিয়ে ভুল বোঝাবুঝি, তা এখনো জানা যায়নি। দুজনই আটক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। ওই পিস্তলটি উদ্ধার করা হয়েছে। তবে তা লাইসেন্স করা বলে দাবি করেছেন মনিরুজ্জামান।