নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুই ব্যবসায়ীর সঙ্গে লড়বেন দুই আইনজীবী। বিএনপির প্রার্থী প্রাথমিকের গণ্ডি পেরোতে না পারলেও শিক্ষায় এগিয়ে আওয়ামী লীগেরসহ অন্য তিন প্রার্থী। প্রার্থীদের কারও বিরুদ্ধেই মামলা নেই। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের দেওয়া হলফনামা ঘেঁটে এসব তথ্য পাওয়া গেছে।
দেখা গেছে, আওয়ামী লীগের প্রার্থী আবু তাহের ফজলে রাব্বী নারায়ণগঞ্জ জেলা যুব আইনজীবী পরিষদের সভাপতি। তিনি এমএসএস ও এলএলবি পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁর বার্ষিক আয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম, মাত্র ৬৩ হাজার টাকা। তাঁর অস্থাবর সম্পদ রয়েছে ২০ লাখ ২০ হাজার টাকার। স্থাবর সম্পদের মধ্যে আছে ৩৬ দশমিক ২৫ শতাংশ অকৃষিজমি ও একটি দোতলা দালান। তাঁর ওপর নির্ভরশীলদের কোনো আয় নেই।
বিএনপির প্রার্থী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এমএম ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোশারফ হোসেনের বার্ষিক আয় ২ লাখ ৮০ হাজার টাকা। তাঁর অস্থাবর সম্পদ আছে আট লাখ টাকার। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে অকৃষিজমি ১২ শতাংশ এবং ঢাকার সিদ্ধেশ্বরীতে ছয়তলা ভবনের অর্ধেক অংশ। এই প্রার্থীরও নির্ভরশীলদের কোনো আয় নেই।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি বর্তমান মেয়র সাদেকুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করা সাদেকুর পেশায় ওষুধ ব্যবসায়ী। ঢাকার মিটফোর্ডের একটি ওষুধের প্রতিষ্ঠানের মালিক তিনি। তাঁর বার্ষিক আয় ছয় লাখ টাকা। অস্থাবর সম্পদ ৪ লাখ ৭৭ হাজার ৩৬২ টাকা। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১০ বিঘা কৃষিজমি ও তিনতলা ভবন। তাঁর কোনো ঋণ নেই। তাঁর ওপর নির্ভরশীলদের মধ্যে স্ত্রীর বার্ষিক আয় ৫ লাখ ৭০ হাজার টাকা, মেয়ের ৩ লাখ ৫০ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে স্ত্রীর নামে ব্যাংকে ১১ লাখ ১০ হাজার ২৩৫ টাকা ও ২০ ভরি সোনা রয়েছে।
২০১০ সালে সাদেকুরের বার্ষিক আয় ছিল তিন লাখ টাকা। তখন তাঁর অস্থাবর সম্পদ ছিল দুই লাখ টাকা ও একটি মোটরগাড়ি। এবার তাঁর মোটরগাড়ি নেই। তবে অস্থাবর সম্পদের পরিমাণ বেড়ে ৪ লাখ ৭৭ হাজার ৩৬২ টাকা হয়েছে।
আরেক স্বতন্ত্র প্রার্থী এ কে এম জাহিদুল আজাদ পেশায় আইনজীবী। তিনি এমএসএস ও এলএলবি পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁর বার্ষিক আয় তিন লাখ টাকা। অস্থাবর সম্পদ চার লাখ টাকার। তাঁর স্থাবর সম্পদ নেই। তাঁর ওপর নির্ভরশীলদেরও কোনো আয় বা স্থাবর-অস্থাবর সম্পদ নেই।
সোনারগাঁ পৌরসভার রিটার্নিং কর্মকর্তা তারিফুজ্জামান বলেন, প্রার্থীরা হলফনামায় তথ্য গোপন করলেও পরবর্তী সময়ে গরমিল পেলে নির্বাচনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।