চট্টগ্রামে ঋণ নিয়ে ব্যাংকের টাকা আত্মসাতের দায়ে বেসরকারি আইএফআইসি ব্যাংকের দুই কর্মকর্তাসহ পাঁচজনকে পাঁচ বছর করে কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন আইএফআইসি ব্যাংকের টেরিবাজার শাখার গ্রেড-১ কর্মকর্তা শফিউল আজম, ব্যাংকের প্রথম সহসভাপতি ফয়েজ আহমেদ, ব্যবসায়ী আবু জাফর, আবদুল আজিজ ও মোদচ্ছের হোসেন। আসামিরা সবাই পলাতক রয়েছেন।
গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ঋণ নিয়ে ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মাহমুদুল হক আরও বলেন, ব্যাংকের টেরিবাজার শাখা থেকে আসামিরা পরস্পর যোগসাজশে ৭২ লাখ টকা ঋণ নেন। এ টাকার মধ্যে কিছু টাকা পরিশোধ করলেও ২৫ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করেননি তাঁরা। বারবার ব্যাংক কর্তৃপক্ষ নোটিশ দিলেও তাঁরা তাতে সাড়া দেননি।
এ ঘটনায় টেরিবাজার শাখার ব্যবস্থাপক সুমন রায় বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।