দুই ব্যাটালিয়নের ৮২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ১৫ রাইফেল ব্যাটালিয়ন ও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২৯ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলায় ৮২ জন জওয়ানের বিরুদ্ধে গতকাল রোববার অভিযোগ গঠন করা হয়েছে। বান্দরবানে অভিযুক্ত ৩৫ জনের মধ্যে সাতজন এবং খাগড়াছড়িতে অভিযুক্ত ৪৭ জওয়ানের মধ্যে তিনজন দোষ স্বীকার করে আদালতের কাছে অনুকম্পা চেয়েছেন। আজ সোমবার সকাল থেকে ওই দুটি মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে।চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে অবস্থিত রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ও বিদ্যালয়ে (আরটিসিএনএস) গঠিত বিশেষ আদালত-১৬-তে গতকাল সকাল সাড়ে ১০টায় তৃতীয় দিনের মতো নাইক্ষ্যংছড়ির বিদ্রোহের বিচারকাজ শুরু হয়। আদালতের বিচারক প্যানেলের সভাপতির দায়িত্ব পালন করেন বিডিআরের রাঙ্গামাটি সেক্টরের অধিনায়ক কর্নেল বশিরুল ইসলাম। আদালতের কার্যক্রমের শুরুতে কৌঁসুলি ও ১৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে আনা অভিযোগ তুলে ধরেন। এতে তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে ঐক্যবদ্ধ হয়ে ব্যাটালিয়ন সদর দপ্তরের ও তীরেরডিভা ক্যাম্পের অস্ত্রাগার এবং গোলাবারুদের মজুদখানা ভেঙে বিদ্রোহ করেন। তাঁরা সশস্ত্র অবস্থায় ব্যাটালিয়নের অধিনায়ক ও উপ-অধিনায়ককে আটক করে ব্যাটালিয়নের সংশোধনী সেলে বন্দী করে রাখেন। তাঁরা এই দুই কর্মকর্তাকে আঘাত করার চেষ্টা ও অশালীন আচরণ করেন। পরে আদালত অভিযুক্ত প্রত্যেককে বাদীপক্ষের আনা অভিযোগ পড়ে শোনান। এ সময় সেপাই আবুল বাশার, ফয়সাল দেওয়ান, নাসিম উদ্দিন, কামরুজ্জামান, বিল্লাল হোসেন, সেপাই সহকারী লুৎফর রহমান ও লতিফুর রহমান দোষ স্বীকার করে অনুকম্পা চান। অন্যরা নিজেদের নির্দোষ দাবি করেন। ১৫ রাইফেল ব্যাটালিয়নের মামলায় আজ সোমবার সকালে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে বলে কৌঁসুলি জানিয়েছেন। খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫-এর কার্যক্রম গতকাল সকাল ১০টা ১০ মিনিটে শুরু হয়। আদালতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল জাহেদুর রহমান।আদালতের নির্দেশে ২৯ রাইফেল ব্যাটালিয়নের মামলার কৌঁসুলি লে. কর্নেল মেফতা উল করিম প্রত্যেক আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান ও সাক্ষীদের নাম আদালতে উত্থাপন করেন। পরে আদালত প্রত্যেক আসামির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পড়ে শোনান এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামিরা দোষী না নির্দোষী, তা জানতে চান। এ সময় তিনজন জওয়ান দোষ স্বীকার করে আদালতের কাছে অনুকম্পা চান। বেলা তিনটায় আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।আদালতের কার্যক্রম শেষে মামলার কৌঁসুলি সংবাদ ব্রিফিংয়ে বলেন, ৪৭ জন আসামির বিরুদ্ধে মোট ৫৫ জন সাক্ষী সাক্ষ্য দেবেন। আজ সোমবার সকাল নয়টায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিদ্রোহের ঘটনার সঙ্গে একাত্মতা পোষণ করে বিভিন্ন ব্যাটালিয়নে বেশ কিছু সদস্য বিদ্রোহ করেন।