দুই ভবনের নকশাবহির্ভূত অংশ ভাঙা হলো
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নগরের বহদ্দারহাটের ফরিদা পাড়া এলাকায় দুটি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দিয়েছেন। এ ছাড়া দুই ভবনমালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার এ অভিযান পরিচালনা করেন সিডিএর নির্বাহী হাকিম খিন ওয়ান নু।
সিডিএর ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পাঁচতলা ভবনের অনুমোদন নিয়ে ছয়তলা ভবন নির্মাণ করেছেন মোহাম্মদ শফি। এ জন্য ছয়তলা অংশের দেয়াল ও ছাদের বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়। এ ভবনটি পাশের মোহাম্মদ জামাল উদ্দিনের পাঁচতলা ভবনের দিকে কিছুটা হেলে পড়ে। জামাল উদ্দিনও নকশা অনুমোদন অনুযায়ী ভবন নির্মাণের সময় যে পরিমাণ জায়গা ছাড়ার কথা ছিল, তা ছাড়েননি। তিনি ভবনের ওপরের অংশ বর্ধিত না করলেও পাশে বর্ধিত করা হয়। অভিযানে এই বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়। অভিযানে ২১ জন শ্রমিক হাতুড়ি ও শাবল দিয়ে নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলেন।
এদিকে মোহাম্মদ শফির ভবনের ছয়তলায় ভাড়াটে দুই পরিবার থাকত। আগে থেকে অভিযানের খবর না জানায় দুই পরিবারের সদস্যরা বিপাকে পড়েন।
সিডিএর নির্বাহী হাকিম খিন ওয়ান নু প্রথম আলোকে বলেন, অনুমোদিত নকশার ব্যতিক্রম ঘটিয়ে ভবন নির্মাণ করায় মোহাম্মদ শফিকে ৫০ হাজার টাকা এবং জামাল উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। নোটিশ দিয়ে এবং যথাযথ নিয়ম মেনে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ, সহকারী অথরাইজড কর্মকর্তা আনোয়ার হোসেন, সেকশন কর্মকর্তা মো. জাকির হোসেন।