দুই ভর্তি-ইচ্ছুক গ্রেপ্তার, জালিয়াতির অভিযোগ ইউসিসির বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে জালিয়াতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মেধাতালিকায় স্থান করে নিয়েছেন ভর্তি-ইচ্ছুক কয়েকজন শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার ‘ঘ’ ইউনিটে ভর্তির জন্য সাক্ষাৎকার দিতে আসা এমন দুজন শিক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, এর সঙ্গে ভর্তি কোচিং সেন্টার ইউসিসি (ইউনিভার্সিটি কোচিং সেন্টার) এবং বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের কয়েকজন পরীক্ষক জড়িত রয়েছেন। এর আগেও বিভিন্ন সময় ভর্তি পরীক্ষা ঘিরে ইউসিসির নাম এসেছে। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ওই কোচিং সেন্টারের সঙ্গে জড়িত রয়েছেন। গ্রেপ্তার হওয়া দুই শিক্ষার্থী হচ্ছেন মেধাতালিকায় ১২তম স্থান অধিকারী মো. মুস্তাফিজুর রহমান ও ৪৪তম স্থান অধিকারী ফয়সাল আহমেদ মাসুম। তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মুঠোফোনে উত্তর সরবরাহের কথা জানতে পারে কর্তৃপক্ষ। এ ছাড়া আরও দুজন শিক্ষার্থীর উত্তরপত্র হুবহু মিল পাওয়ার বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে, একজনের উত্তরপত্রে পরীক্ষার্থীর স্বাক্ষর নেই। ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থীর উত্তরপত্র বাইরে থেকে পূরণ করে পরীক্ষার পর অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ইউসিসি কোচিং সেন্টারের সহযোগিতায় কিছু শিক্ষার্থী ভর্তি হয়েছেন বলে তাঁদের কাছে তথ্য ছিল। সন্দেহ হওয়ায় ওই তিনজন শিক্ষার্থীকে আটক করে ‘ঘ’ ইউনিটের ইংরেজি অংশের পরীক্ষা পুনরায় নেওয়া হয়। তাৎক্ষণিক পরীক্ষায় তাঁদের উত্তরের সঙ্গে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের বিস্তর ফারাক থাকায় দুজনকে আটক করা হয়।ইউসিসি কোচিং সেন্টারের পরিচালক এম এ হালিম পাটোয়ারী এ বিষয়ে কিছু জানেন না দাবি করে প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো কিছুর সঙ্গে তাঁরা জড়িত নন। আটক ছাত্ররা স্রেফ তাঁদের ব্যক্তিস্বার্থের কারণে ইউসিসিকে জড়িয়েছেন বলে তিনি দাবি করেন।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এ এম আমজাদ বলেন, তিন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের সময় একজনের মুঠোফোনে ভর্তি পরীক্ষার উত্তর পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে ৪৪তম স্থান অধিকারী ফয়সাল আহমেদ মাসুম জানিয়েছেন, তাঁরা ইউসিসি কোচিং সেন্টারে ক্লাস করেছেন এবং সেখানকার কিছু শিক্ষকের সহযোগিতায়ই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ জানুয়ারি শৃঙ্খলা পরিষদ ভর্তিসহ সব পরীক্ষায় মুঠোফোন ব্যবহার বন্ধের সুপারিশ করে। সুপারিশ অনুযায়ী, ২৭ জানুয়ারি সিন্ডিকেটের সিদ্ধান্তে বলা হয়, পরীক্ষার হলে মুঠোফোন আনলে কিংবা তাতে সংরক্ষিত তথ্য থেকে নকল করলে অসদুপায় অবলম্বন হিসেবে শাস্তি হবে। তবে পরীক্ষার হলে কখনোই মুঠোফোন আছে কি না, কিংবা থাকলেও কেউ ব্যবহার করছেন কি না, সেটি দেখা হয় না। এ এম আমজাদ আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের বাইরের কিছু কেন্দ্রের শিক্ষকেরাও এর সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এমনটি হয়ে থাকলে ওই শিক্ষকদের সহযোগিতায়ই তাঁরা মুঠোফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারেন। ডিন ফরিদউদ্দিন বলেন, জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থীরা যেন ভর্তি হতে না পারেন, সে বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। সাক্ষাৎকারের সময় কেউ এর সঙ্গে জড়িত প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।