দুই ভাই নিখোঁজ এক মাস তদন্ত নেই পুলিশের!

রাজধানীর তেজগাঁও বয়েজ স্কুলের ছাত্র মো. সোহান (১৩) ও মো. সেজান (১১) নামের দুই ভাই প্রায় দেড় মাস ধরে নিখোঁজ। এ ঘটনায় তেজগাঁও থানায় জিডি করা হয়েছে। তবে তাদের সন্ধানে পুলিশ কোনো ধরনের তদন্ত করছে না বলে অভিযোগ।
এ সমস্যার মধ্যেই আরেক সমস্যায় পড়েছেন এ দুই সন্তানের বাবা ওয়াহেদুজ্জামান। চলতি মাস থেকে একটি মুঠোফোন নম্বর থেকে তাঁকে খুদে বার্তা পাঠিয়ে ৫০ হাজার টাকা দাবি করা হচ্ছে। বলা হচ্ছে, টাকা দিলেই তাঁর দুই ছেলেকে ছেড়ে দেওয়া হবে। ওয়াহেদুজ্জামান বলেন, জিডির পর পুলিশ তো কোনো ব্যবস্থা গ্রহণ করেইনি, খুদে বার্তার বিষয়টি জানালে সেটাকেও আমলে নিচ্ছে না।
ওয়াহেদুজ্জামান বলেন, তিনি দুই সন্তান ও স্ত্রী নিয়ে তেজগাঁও তেজতুরী বাজার এলাকার এক বাসায় থাকেন। কারওয়ান বাজারে তাঁর বৈদ্যুতিক সামগ্রীর দোকান আছে। তাঁর স্ত্রী মনিরা বেগম কাকরাইলে একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। গত ২০ জুন সকালে তিনি দোকানে যান। অন্যদিকে হাসপাতালে যান তাঁর স্ত্রী। সোহান ও সেজান ছিল বাসায়। কিন্তু কাজ শেষে তিনি ও তাঁর স্ত্রী বাসায় ফিরে দেখেন, বাসা তালাবদ্ধ, দুই সন্তান নেই। আলমারিতে থাকা ৩০ হাজার টাকাও উধাও। জানতে চাইলে প্রতিবেশীরা জানান, সোহান ও সেজানকে ওই দিন বিকেল চারটার দিকে তাঁরা স্কুলব্যাগ নিয়ে বের হয়ে যেতে দেখেছেন।
ওয়াহেদুজ্জামান বলেন, ‘সোহান ও সেজান স্কুলের এক শিক্ষকের কাছে পড়তে যায়। কিন্তু খোঁজ নিয়ে জানতে পেরেছি, ওই দিন ওই শিক্ষক কাউকে পড়াননি। আত্মীয়স্বজনের বাসায়ও খোঁজ করে তাদের পাওয়া যায়নি।’ খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় তিনি তেজগাঁও থানায় জিডি করেন। ওয়াহেদুজ্জামান বলেন, ‘পুলিশ আমাকে বলে, আমার সন্তানেরা নাকি রাগ করে বাসা থেকে চলে গেছে। রাগ করে চলে গেলেও কি আমি তাঁদের সন্ধান পাব না? পুলিশ কি সাহায্য করবে না?’
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জিডির তদন্ত কর্মকর্তা এসআই মাকারিয়াস দাস বলেন, ‘ওই দুই ভাইকে উদ্ধার করতে আমি অনেক দৌড়ঝাঁপ করেছি। এখন যদি অভিযোগ করা হয়, তাহলে আমার কিছু বলার নেই।’ ‘দৌড়ঝাঁপটা কী’—জানতে চাইলে এসআই বলেন, ‘ওই ফ্যামিলির সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়েছি। মোবাইল ট্র্যাকিংয়ের চেষ্টা করছি।’