দুই ভাই সন্ত্রাসী হামলার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকায় ঈদের ছুটিতে বেড়াতে এসে একজন ব্যবসায়ী সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। শাহরিয়ার করিম (২৮) নামের ওই ব্যবসায়ী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আহত অবস্থায় দুই দিন চিকিৎসা নিয়েছেন। হামলায় তাঁর ছোট ভাই ইমতিয়াজ করিমও আহত হন। পৌরসভার কাজিপাড়া মোড়ে বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরের দিন বৃহস্পতিবার শাহরিয়ার করিমের ছোট চাচা মাহফুজ করিম বাদী হয়ে কয়েকজনকে আসামি করে কুমারখালী থানায় একটি মামলা করেন।শাহরিয়ার করিম প্রথম আলোকে বলেন, পরিবারের সবাই ঢাকায় ব্যবসা ও চাকরি করেন। কুমারখালীতেও তাঁর সুতার ব্যবসা রয়েছে। ঈদের ছুটিতে তিনি পরিবারসহ কুমারখালী তাঁর দাদাবাড়ি বেড়াতে আসেন। ঘটনার দিন রাত ১০টার দিকে ছোট ভাইসহ তিনি কাজিপাড়া মোড় থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় অতর্কিতভাবে পৌর এলাকার আবুল কালাম, আলহাজ, স্বপন, রিপন, মিলন, নয়নসহ আরও কয়েকজন তিন-চারটি মোটরসাইকেলে এসে তাঁদের গতিরোধ করে চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ধারালো অস্ত্র দিয়ে মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে শাহরিয়ারের মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়।শাহরিয়ার করিম অভিযোগ করে বলেন, ঘটনা ধামাচাপা দিতে হামলাকারীরা উল্টো কুষ্টিয়া আদালতে তাঁদের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে। হামলাকারী স্বপন ও রিপনের ভাই আবদুর রশীদ এর পেছনের কাজ করছে বলে তিনি অভিযোগ করেন। হামলাকারীদের মূল হোতা আবুল কালামের বিরুদ্ধে চোরাচালান ও এলাকায় জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, চারদলীয় সরকারের সময় তিনি এলাকায় বিএনপি-জামায়াতের হয়ে কাজ করতেন। আর এখন খোকসা-কুমারখালী আসনের স্থানীয় সাংসদ সুলতানা তরুণের ছেলে গোলাম জিলানী নজরে মোর্শেদের নাম ভাঙিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এলাকায় তিনি তুরে কালাম নামে পরিচিত।আবুল কালামের দুটি মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। গোলাম জিলানী প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিকভাবে আবুল কালামের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’ এদিকে সুলতানা তরুণ গত শুক্রবার আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কুমারখালী থানার তদন্তকারী কর্মকর্তা সিকদার আক্কাস আলী বলেন, মারামারির ঘটনা নিয়ে দুটি মামলা হয়েছে।