দুই ভাই হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকবুল দেওয়ান ও তাঁর ভাই কলিম উদ্দিন দেওয়ান হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন ও আরও আটজনকে সাত বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের ১৩ বছর পর গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম মিজামুল হক ওই রায় ঘোষণা করেন।
সাজার পাশাপাশি যাবজ্জীবন পাওয়া আটজনকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড এবং অন্য আটজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন বিচারক।
অপরাধ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় সব আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
কালিয়াকৈরের গলাচিপা এলাকার কৃষক মকবুল দেওয়ান ও কলিম উদ্দিন দেওয়ানকে ২০০০ সালের ৬ ডিসেম্বর দিনে-দুপুরে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ওই ঘটনার পরদিন নিহত ব্যক্তিদের ছোট ভাই সাখাওয়াত হোসেন ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
সাখাওয়াত হোসেন জানান, মামলাটি প্রথমে কালিয়াকৈর থানার পুলিশ তদন্ত করে। পরে গাজীপুর গোয়েন্দা পুলিশের কাছে মামলাটি হস্তান্তর করা হলে তদন্ত কর্মকর্তা ওই ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গাজীপুরের আদালত থেকে ২০১২ সালে মামলাটি ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ স্থানান্তর করা হয়।
রায়ে আসামি নূরুল ইসলাম, নজরুল ইসলাম, ফজলুল হক, রহমত আলী সিকদার, হাছেন আলী, হজরত আলী, আবদুল আলী ও জাকির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, ২০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারক। আসামি চাঁন আলী, বুজরত আলী, আমজাদ আলী, শহিদুল ইসলাম, আকবর আলী, সুজন আলী, বাহাদুর আলী ও আজিজুল হককে সাত বছর করে কারাদণ্ডাদেশ, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসে সাজা দেওয়া হয়।
খালাস পান রহমান আলী, নজর আলী, রহিমা খাতুন, সাহেরা খাতুন ও আমিনুল ইসলাম।
সাখাওয়াত হোসেন বলেন, ‘দীর্ঘ দিন পর হলেও বিচার পেয়েছি। তবে কমপক্ষে দুই জনের ফাঁসি হওয়া উচিত ছিল।’