দুই ভাইকে কুপিয়ে জখম, ৫০ হাজার টাকা ছিনতাই, গ্রেপ্তার ১
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ব্যবসায়ী দুই ভাইকে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের একজনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।আহত ব্যবসায়ীরা হলেন রমেশ হালদার (৪০) ও যোগেশ হালদার (৪৫)। তাঁদের বাড়ি উপজেলার বাহাদুরপুর গ্রামে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. আহাদ (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিকারীপাড়া বাজারে যোগেশ ও রমেশের কাপড়ের দোকান আছে। তাঁরা মঙ্গলবার রাত আটটার দিকে তাঁদের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন। বাজার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সোনাবাজু এলাকায় একদল দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের জখম করে এবং ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাঁদের চিৎকার শুনে স্থানীয় জনতা এগিয়ে এসে আহাদকে আটক করে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।এ ছাড়া আহত যোগেশ ও রমেশকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে ও তিন-চারজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।