দুই ভাইকে কুপিয়ে জখম করল ছাত্রলীগ
বরিশাল নগরের ব্রজমোহন কলেজের সামনে গতকাল রোববার বিকেলে দুই ভাইকে কুপিয়ে জখম করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে এক ভাইয়ের বাঁ হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ডান হাতের শিরা কেটে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
জেলা ছাত্রলীগের সহসভাপতি আতিকুল্লাহ মুনিমের সঙ্গ ত্যাগ করায় তাঁর নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন আহত সাকিব মল্লিক। অভিযোগ অস্বীকার করে আতিকুল্লাহ বলেন, তিনি নন, কর্মীরা হামলা চালিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে সাকিবের বড় ভাই রায়হান মল্লিক (২৩) ব্রজমোহন কলেজের সামনে একটি স্টুডিওর সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ছাত্রলীগের নেতা আতিকুল্লাহ ও তাঁর ১০ থেকে ১৫ জন কর্মী ধারালো অস্ত্র দিয়ে রায়হানকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় রায়হানের ছোট ভাই সাকিব ভাইকে রক্ষা করতে এগিয়ে এলেও তাঁকে কুপিয়ে জখম করা হয়। তবে তাঁর জখম গুরুতর নয়।
সাকিব মল্লিক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রায়হান আগে আতিকুল্লাহ মুনিমের সঙ্গে চলতেন। বিভিন্ন সময় তিনি রায়হানকে ব্যবহার করেছেন। বেশ কিছুদিন তাঁর বড় ভাই আতিকুল্লাহ সঙ্গ ত্যাগ করেন। ছাত্রলীগের রাজনীতি না করায় আতিকুল্লাহ বিভিন্ন সময় হুমকি দিতেন। গতকাল বিকেলে আতিকুল্লাহ দলবল নিয়ে তাঁদের কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁর ভাইকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
এ ব্যাপারে আতিকুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগ করার কারণে গত রোববার রায়হান আমাদের ছেলেদের হুমকি দেন। এ সময় তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডাও হয়। রাতে রায়হানের ছোট ভাইয়ের সঙ্গে দুই ছাত্রলীগ কর্মীর হাতাহাতি হয়। পরে রায়হান ছাত্রলীগের কর্মীদের থাপড় মারে। ওই ঘটনার জের ধরে রায়হান সকালে (গতকাল) আমার বাসায় গিয়ে গালাগাল করে আসে। বিকেলে ছাত্রলীগের কর্মীরা কলেজের সামনে গেলে সেখানে মারধরের একপর্যায়ে রায়হান দা নিয়ে আসেন। ছাত্রলীগের কর্মীরা ওই দা দিয়েই তাঁকে কুপিয়েছেন। ঘটনাস্থলে আমি ছিলাম না।’
ছাত্রলীগ ত্যাগ করায় কোপানো হয়েছে কি না—জানতে চাইলে আতিকুল্লাহ বলেন, ‘রায়হান ছাত্রদলের রাজনীতি করতেন। মাঝখানে কিছুদিন শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে ছিলেন। তিনি কখনো ছাত্রলীগ করতেন না।’
হামলার ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘গত শনিবার রায়হানের ছোট ভাই সাকিবের সঙ্গে ছাত্রলীগ কর্মী শান্তর হাতাহাতি হয়। ওই ঘটনায় রায়হান শান্তকে চড়-থাপড় দেয়। ওই ঘটনার জের ধরে গতকাল বিকেলে রায়হানকে কুপিয়ে জখম করা হয় বলে জানতে পেরেছি।’