দুই ভাইকে হত্যার দায়ে দুজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে দুই সহোদর জেলেকে হত্যার দায়ে দুজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন মংলা উপজেলার জয়মনি গ্রামের মো. জুলফিকার আলী ওরফে জুলফু এবং আমড়াতলা গ্রামের অলি ওরফে রাজু ওরফে রতন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহম্মদ আলী বলেন, ২০০৪ সালের ১১ অক্টোবর বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের মোকলেছ হাওলাদারের দুই ছেলে আনোয়ার হাওলাদার ও হারুন হাওলাদারসহ ১০-১২ জন জেলে মহাজনের কাছ থেকে নয়টি নৌকা নিয়ে সুন্দরবনের শেলা নদীতে মাছ ধরতে যান। নৌকার মালিকেরা প্রতিদিন ওই এলাকায় গিয়ে জেলেদের শিকার করা মাছ নিয়ে আসতে থাকেন। ওই বছরের ১৭ অক্টোবর নৌকামালিক আবদুল মালেক আকন নদীতে গিয়ে দুটি নৌকা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজ দুটি নৌকায় আনোয়ার হাওলাদার ও হারুন হাওলাদার ছিলেন।
পরে ২২ অক্টোবর শেলা নদীর বেড়ির খালের চরে আনোয়ারের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। তবে হারুনের লাশের সন্ধান আজও মেলেনি। ওই ঘটনায় নিহত ব্যক্তিদের ভাই বাদশা হাওলাদার মংলা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।