দুই ভাইকে হত্যায় পাঁচজনের যাবজ্জীবন
জমি নিয়ে বিরোধের জেরে বরগুনার আমতলীতে দুই ভাই সোহেল সরদার ও রুবেল সরদারকে কুপিয়ে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বরগুনার জেলা ও দায়রা জজ মো. হাছানুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন পশ্চিম চিলা গ্রামের স্বপন সরদার, নয়া সরদার, কবির সরদার ও কামাল সরদার এবং স্বপন সরদারের ভগ্নিপতি পটুয়াখালীর গলাচিপা থানার নলুয়াবাগী গ্রামের জাহিদ হোসেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলা আরজি ও পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে পশ্চিম চিলা গ্রামের গোলাম মোস্তফা সরদারের সঙ্গে তাঁর চাচাতো ভাই আনোয়ার সরদারের বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই জমিতে ২০০৮ সালে ২০ নভেম্বর চার ভাই জোর করে চাষাবাদ করতে যান। এতে গোলাম মোস্তফার দুই ছেলে সোহেল ও রুবেল বাধা দেন। এ সময় তাঁদের কুপিয়ে গুরুতর জখম করা হয়। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সোহেল ও রুবেলের মৃত্যু হয়। এ ঘটনায় ওই দিন তাঁদের মা সাহিদা বেগম বাদী হয়ে আমতলী থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আমতলী থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান তদন্ত শেষে ২০০৯ সালের ৩১ জানুয়ারি আনোয়ার সরদার, তাঁর চার ছেলে স্বপন সরদার, নয়া সরদার, কবির সরদার, কামাল সরদার ও জামাতা জাহিদ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলা বিচারকাজ চলাকালে আনোয়ার সরদার মারা যান। দীর্ঘ শুনানি শেষে আজ বিকেলে জেলা ও দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী সাহিদা বেগম বলেন, তিনি ন্যায়বিচার পেয়েছেন। তবে আদালতে উপস্থিত আসামি স্বপন সরদার বলেন, এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) ভুবন চন্দ্র হাওলাদার। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী কমল কান্তি দাস।