দুই ভাইয়ের মৃত্যুতে বিয়েবাড়িতে শোকের মাতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজ (২৮) ও সুজন (২২) দুই ভাই। বাড়ি বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী গ্রামে। বয়সে ছোট সুজন কয়েক মাস আগে বিয়ে করেন। তবে অনুষ্ঠান করে বউ তুলে আনা হয়নি। বড় ভাই সবুজের বিয়ে আগামীকাল বৃহস্পতিবার। পরশু শুক্রবার দুই ভাইয়ের বউ একসঙ্গে তুলে আনার কথা।

এই আনন্দে পুরো বাড়ি সেজেছে বিয়ের সাজে। আজ বুধবার সকালে বিয়ের বাজার করতে মোটরসাইকেলে করে চান্দখালী থেকে বরগুনা শহরের দিকে যাচ্ছিলেন সবুজ ও সুজন। সুজন মোটরসাইকেল চালাচ্ছেন আর পেছনে বসা সবুজ। বেলা পৌনে ১১টার দিকে বরগুনা-বেতাগী সড়কের চান্দখালী বাইপাস এলাকায় পৌঁছান তাঁরা। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস মোটরসাইকেল​িটকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সবুজ। গুরুতর আহত অবস্থায় বরগুনা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান সুজন।

নিহত দুই ভাইয়ের প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শী চান্দখালী বাজারের ব্যবসায়ী সুমন বলেন, সবুজ ও সুমনের মোটরসাইকেলটি আজ চান্দখালী বাইপাস এলাকায় পৌঁছালে ‘রাফি এন্টারপ্রাইজ’ নামের বাসটি উল্টোপথে চলে সেটিকে চাপা দেয়।

সুমন আরও জানান, সবুজ বরিশাল বিএম কলেজের গণিত বিভাগ থেকে এ বছর স্নাতক (সম্মান) ফাইনাল পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। সুজনও ওই কলেজের স্নাতক শ্রেণিতে পড়তেন। দুই ছেলের এমন মৃত্যুতে পাগলপ্রায় বাবা দুলাল হাওলাদার। বারবার মূর্ছা যাচ্ছেন মা।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী বাসটিকে আটক করে। পরে বাসটিকে পুলিশ হেফাজতে আনা হয়। বাসের চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য দুই ভাইয়ের লাশ বরগুনা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।