দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিদ্বন্দ্বীর হামলা
পটুয়াখালী সদর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত এক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও তাঁর লোকজন প্রতিদ্বন্দ্বী দুই বিএনপি নেতার ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক মোশারেফ হোসেন অভিযোগ করে বলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মিজানুর রহমান উপজেলা পরিষদের ঠিকাদার। উপজেলা নির্বাচনের নীতিমালা অনুযায়ী ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি প্রার্থী হিসেবে অযোগ্য হবেন। তাই মিজানুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মনির এন্টারপ্রাইজের অনুকূলে কাজের তথ্যের জন্য ট্রেজারিতে টাকা জমা দিয়ে আবেদন নিয়ে তিনি ও অপর প্রার্থী সাইদুর ইউএনও কার্যালয়ে যান। পরে মিজানুর লোকজন নিয়ে ওই কার্যালয়ে গিয়ে তাঁদের কাছ থেকে আবেদন ও ট্রেজারির চালান ছিনিয়ে নিয়ে হামলা চালান। এতে সাইদুরের মাথায় জখম হয়। তিনিও আহত হন। যোগাযোগ করা হলে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন মিজানুর রহমান।