গাজীপুরে এক স্কুলছাত্রকে হত্যার দায়ে দুই ভাইসহ চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফজলে এলাহী ভূইয়া এই রায় ঘোষণা করেন।
রায়ে চারজনকে ফাঁসির আদেশ ছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। মামলার অপর তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।
সাজা পাওয়া ব্যক্তিরা হলেন গাজীপুরের পুবাইলের হাড়িরবাড়ির টেক এলাকার জামান সরকার (৪২), মো. শাকিল ভুইয়া (৪২), তাঁর ভাই মো. ইকবাল হোসেন ভুইয়া (৪০) ও কুড়িগ্রামের বাজারহাট থানার লতাবর গ্রামের আবু সায়েম (৪০)। তাঁদের মধ্যে সায়েম পলাতক।
খালাস পাওয়া ব্যক্তিরা হলেন হাড়িরবাড়ির টেক এলাকার আফজাল হোসেন সরকার (৬৫) ও তাঁর ছেলে উজ্জ্বল সরকার (৩৭) এবং একই এলাকার সুমন খান (৩৮)।
আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম প্রথম আলোকে জানান, জামান সরকার গাজীপুর সিটি করপোরেশনের ভাদুন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মামুনের (১৫) বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু মামুনের পরিবারের সদস্যরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরই প্রেক্ষাপটে জামান ২০০৪ সালের ১০ আগস্ট ভোর পাঁচটার দিকে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এর তিন দিন পর ১৩ আগস্ট একই এলাকার শাহজাহানের বাড়ির শৌচাগারের ট্যাংক থেকে দুই হাত, দুই পা রশি দিয়ে বাঁধা, গলায় কাপড় প্যাঁচানো ও দুটি চোখ ওঠানো অবস্থায় মামুনের গলিত লাশ উদ্ধার করা হয়।
ওই রাতে তার বাবা মো. হাসান খন্দকার বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে জয়দেবপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক সুলতান মাহমুদ তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে আদালতে ২০০৬ সালের ১১ মার্চ অভিযোগপত্র দেন। ১৫ জনের সাক্ষ্য ও শুনানি শেষে আদালত গতকাল রায় ঘোষণা করেন। এ সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রায় ঘোষণার পর সাজা পাওয়া তিন আসামিকে কড়া পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। আসামিপক্ষের আইনজীবী মো. আবদুর রশিদ বলেন, এ রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন।