প্রবল বর্ষণে খাগড়াছড়িতে গতকাল রোববার ভোরে আবারও পাহাড়ধসে হতাহতের ঘটনা ঘটেছে। গতকাল ভোর ৬টায় জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের বুদুংছড়ায় মো. মোস্তফার দুই ছেলে মো. নূরনবী (১৪) ও মো. নূর হোসেন (১০) ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে মারা যায়। এ সময় তাদের আরও এক ভাই বিল্লাল হোসেন (৮) আহত হয়। এর দুই ঘণ্টা পর সকাল ৮টায় জেলার লক্ষ্মীছড়ি উপজেলার যতীন্দ্র কারবারিপাড়া এলাকায় পাহাড়ধসে দেবব্রত চাকমার মেয়ে নিপুন চাকমার (৫) মৃত্যু হয়।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার আলী আহমদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নতুন করে হতাহতের ঘটনা ঘটার পর ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে সরে যেতে প্রশাসনের পাশাপাশি পুলিশও মাইকিং শুরু করেছে।
জেলার লক্ষ্মীছড়িতে এর আগে ১৪ জুন পাহাড়ধসে একজনের মৃত্যু হয়। এ নিয়ে ১২ জুন থেকে গতকাল পর্যন্ত চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬১ হয়েছে।
পাহাড়ধসের পাশাপাশি গতকাল জেলার বিভিন্ন স্থানে পাহাড়ে ঢলও দেখা দিয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বুধবার রাতের প্রবল বর্ষণের কারণেই পাহাড়ধসে রামগড় উপজেলায় কৃষক মো. মোস্তফার দুই ছেলে নূরনবী ও নূর হোসেন মারা যায়। তাদের আরও এক ভাই বিল্লাল হোসেনকে আহত অবস্থায় গ্রামবাসী ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। এই সময় ২০টির মতো ঘরবাড়ি ও দোকানপাট মাটি চাপা পড়েছে।
লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা পাহাড়ধসে এক শিশু নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। পাহাড়ধসের পাশাপাশি উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে শতাধিক বাড়ি ও দোকান পানিতে তলিয়ে গেছে বলে জানান তিনি। বর্ষণ অব্যাহত থাকলে আরও ভূমিধসের আশঙ্কা করেছেন তিনি।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ ইকবাল বলেন, যতীন্দ্র কারবারিপাড়া এলাকায় কৃষক দেবব্রত চাকমার ঘরের একাংশের ওপর পাহাড় ধসে পড়ে। এতে তাঁর শিশুকন্যা নিপুন চাকমার মৃত্যু হয়। এ ঘটনায় দেবব্রত চাকমার স্ত্রীও সামান্য আহত হন।
রামগড়ে নিহত দুই শিশুর চাচা মো. শাহীন বলেন, ভোর রাতে প্রবল বর্ষণের সময় তাঁদের বাড়ির পূর্ব পাশের পাহাড় ধসে যায়। এতে মাটিচাপা পড়ে ঘুমন্ত অবস্থায় নূরনবী ও মো. নূর হোসেনের মৃত্যু হয়। পাহাড়ধসের পরপর স্থানীয় লোকজন ও রেড ক্রিসেন্টের কর্মীরা মিলে দুই ঘণ্টা চেষ্টা করে নিহতদের লাশ উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে মাটি চাপা পড়া গবাদিপশুর সন্ধান চালায়। নিহত ব্যক্তিদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা দেওয়া হয় বলে জানান তিনি।
বুধবার রাত থকে বৃষ্টি অব্যাহত থাকায় খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি, রামগড় ও গুইমারা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে তিন শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে বলে জানা গেছে।
গুইমারা উপজেলা চেয়ারম্যান উশে প্রু মারমা বলেন, অতিবৃষ্টি হওয়ার কারণে গুইমারা জালিয়াপাড়া পানিতে তলিয়ে গেছে। বর্তমানে উপজেলার প্রায় ৮০টি পরিবার পানিবন্দী রয়েছে।
এদিকে নতুন করে পাহাড়ধসের ঘটনা ঘটার পর গতকাল বেলা ১১টা থেকে জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে আসতে মাইকিং শুরু করেছে। এ বিষয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, খাগড়াছড়ি সদর, মহালছড়ি, মানিকছড়ি ও রামগড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের জন্য ৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রশাসন মাইকিং করে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করছে। এখন পর্যন্ত ৮০টির মতো পরিবার আশ্রয়কেন্দ্রে গিয়েছে। তাদের খাবার ও পানি সরবরাহ করা হচ্ছে।