দুই ভাইসহ সাতজনের যাবজ্জীবন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর বাজারের ডেকোরেটর ব্যবসায়ী ইকবাল হোসেন (২০) হত্যা মামলার রায়ে দুই ভাইসহ একই বাড়ির সাতজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল সোমবার দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া এ রায় দেন। একই সঙ্গে আদালত আসামিদের প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের মধ্যম একলাশপুর গ্রামের পাটোয়ারীবাড়ির ওমর ফারুক, শওকত আলী, ই আ নাসরুল্লাহ ওরফে ইকবাল হোসেন, ইয়াছিন আরাফাত, মো. ইদ্রিস ওরফে রবি, আবু বকর সিদ্দিক ও জামাল হোসেন। তাঁদের মধ্যে ইয়াছিন আরাফাত ও মো. ইদ্রিস দুই ভাই। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ইয়াছিন, মো. ইদ্রিস ও আবু বকর পলাতক রয়েছেন।
আদালত সূত্রে ও মামলার বিবরণে জানা গেছে, আসামি ইয়াছিন ও ইদ্রিস তাঁদের ছোট বোনের সঙ্গে সম্পর্কের জের ধরে ২০০৬ সালের ১৫ জুন রাতে একলাশপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে ডেকোরেটর ব্যবসায়ী ইকবাল হোসেনকে ধরে নিয়ে যান। এরপর স্থানীয় পাটোয়ারীবাড়ির সামনে বেঁধে রেখে রাতভর এবং পরদিন সকাল পর্যন্ত ইকবালকে বেদম পেটানো হয়। একপর্যায়ে সকাল সাড়ে আটটার দিকে ইকবালের মৃত্যু হয়। এরপর বেগমগঞ্জ থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় ইকবালের মা রৌশন আরা আক্তার বাদী হয়ে থানায় আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।