দুই ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের একটি আদালত আবদুর রহিম ফকির নামে বিএনপির এক কর্মীকে হত্যার দায়ে দুই ভাইসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদালত একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। গতকাল মঙ্গলবার দায়রা জজ মিজানুর রহমান খান এই রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ১৬ জনকে অব্যাহতি দেন আদালত।
রায় ঘোষণার সময় ১৯ আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঝিলবুনিয়া গ্রামের মমিন উদ্দিন শেখের দুই ছেলে সোহবান শেখ ও শাজাহান শেখ এবং একই গ্রামের মুনসুর শেখের ছেলে বারেক শেখ।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ মোহাম্মদ আলী বলেন, ২০০৪ সালের ১৩ নভেম্বর সন্ধ্যায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঝিলবুনিয়া গ্রামের বিএনপির কর্মী আবদুর রহিম ফকির স্থানীয় কামলা বাজারের রাসেলের দোকানে বসে ছিলেন। এ সময় রহিমকে ৪০-৫০ জনের একটি সন্ত্রাসী দল তাঁকে পার্শ্ববর্তী সোহবান শেখ ও শাজাহান শেখের বাড়িতে ধরে নিয়ে যায়। সেখানে তাঁকে হাত-পা বেঁধে রড, হকিস্টিক দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত রহিমের পরিবারের লোকজন খবর পেয়ে শাজাহানের বাড়িতে গিয়ে রহিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন নিহত রহিমের বাবা চাহেব আলী বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলা তদন্ত কর্মকর্তা মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস ২০০৫ সালের ৩০ মার্চ ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।