দুই ভাইয়ের ডিএনএ সংগ্রহের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কল্পনা চাকমা
কল্পনা চাকমা

পার্বত্য চট্টগ্রামের অপহূত আদিবাসী নেত্রী কল্পনা চাকমার দুই ভাইয়ের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার আমেনা বেগম। তিনি কল্পনা অপহরণ মামলার অধিকতর তদন্ত করছেন। রাঙামাটি জেলা আমলি আদালতের অনুমোদন সাপেক্ষে দুই ভাই কালিন্দী কুমার চাকমা ও লাল বিহারী চাকমার ডিএনএন নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন পুলিশ সুপার।
১৯৯৬ সালে অপহূত কল্পনার বড় ভাই কালিন্দী কুমার পুলিশের এই নির্দেশকে সময়ক্ষেপণ ও হয়রানি বলে অভিযোগ করেছেন।
কল্পনা অপহরণ মামলার বাদী কালিন্দী কুমার বলেন, ‘গত বুধবার বাঘাইছড়ি থানার ওসি আমাদের বাড়িতে যান। ওই সময় আমরা কেউ ছিলাম না। তাই ওসি প্রতিবেশীদের বলে এসেছেন আমরা দুই ভাই যেন চট্টগ্রামে গিয়ে ডিএনএ নমুনা দিয়ে আসি।’ তিনি বলেন, ‘আমরা সেখানে যাব না। তাঁরা তদন্তের নামে একটার পর একটা অজুহাত তুলে আমাদের হয়রানি করছে।’
ডিএনএ নমুনা সংগ্রহের কারণ সম্পর্কে আমেনা বেগম বলেন, ‘কল্পনা চাকমাকে কখনো পাওয়া গেলে যেন শনাক্ত করা যায় তার জন্য ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছি। বাঘাইছড়ি থানার মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়ে ডিএনএ নমুনা দিয়ে আসতে হবে।’ কল্পনার দুই ভাই এখনো জীবিত, এরপরও কেন তাঁদের ডিএনএ নেওয়া হচ্ছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কল্পনার মা কিছুদিন আগে মারা গেছেন। এটা রেখে দিই, কাজে লাগতে পারে।’
দুই মাস আগে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য তিনি আদালতে অনুমতি চেয়েছিলেন বলে জানান।
১৯৯৬ সালের ১১ জুন মধ্যরাতে হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনার নিজ বাড়ি থেকে অপহূত হন। ঘটনার ১৪ বছর পর ২০১০ সালের ২১ মে পুলিশ অপহরণ মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়। কিন্তু কালিন্দী কুমার নারাজি আবেদন দাখিল করেন। পরে রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম আদালত সিআইডিকে ঘটনা তদন্তের নির্দেশ দেন। ২০১২ সালে ২৬ সেপ্টেম্বর সিআইডি চূড়ান্ত প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদন নিয়েও কালিন্দী কুমার চাকমা নারাজি আবেদন দিলে ২০১৩ সালের ১৬ জানুয়ারি রাঙামাটির ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম মো. সিরাজুদ্দৌলা কুতুবী রাঙামাটি জেলা পুলিশ সুপারকে অধিকতর তদন্তের আদেশ দেন। তিন দফা সময় বাড়ানোর পর গত ২৩ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পুলিশ সুপার তা দিতে পারেননি। এরপর আদালত আগামী ৬ মার্চ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
গতকাল এক বিবৃতিতে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কণিকা চাকমা ডিএনএ নমুনা সংগ্রহের নামে কল্পনা চাকমার ভাইদের হয়রানি না করার দাবি জানান। তদন্ত কর্মকর্তার এ নির্দেশ প্রত্যাখ্যান করে বিবৃতিতে বলা হয়, কল্পনার অপহরণকারী লে. ফেরদৌসসহ সহযোগীদের চিহ্নিত করা গেলেও টালবাহানার মাধ্যমে আইনের আওতায় আনা হচ্ছে না।