দুই ভাইয়ের নাম বাদ দেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিতর্কিত ভোটার পুরুষোত্তম পাডিয়া ও রাজরাম পাডিয়ার নাম তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা এম এ জি মোস্তফা ফেরদৌস জেলা নির্বাচন কর্মকর্তার কাছে বৃহস্পতিবার পাঠানো প্রতিবেদনে এ সুপারিশ করেন। এ ছাড়া এই ভোটার তালিকায় জালিয়াতির ঘটনায় উপজেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী রুহুল আমিনের জড়িত থাকার অভিযোগে তাঁকেও কার্যালয় থেকে প্রত্যাহারের জন্য একই দিন জেলা নির্বাচন কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘মৃত প্রহ্লাদ পাডিয়ার দুই ছেলে পুরুষোত্তম পাডিয়া ও রাজারাম পাডিয়ার ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ২০১২ চলাকালে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজরের কাছে তথ্য উপাত্ত দিয়ে ফরম পূরণ করেন। ওই দুজনের ভোটার হওয়া নিয়ে বিতর্ক উঠলে শুনানির জন্য তাঁদের ১৫ এপ্রিল নির্বাচন কার্যালয়ে হাজির হতে বলা হয়। কিন্তু তাঁরা আসেননি। যেহেতু অনুসন্ধানে এবং শুনানি শেষে জানা যায়, ওই দুজন তর্কিত ভোটার এলাকায় বসবাস করেন না। এ কারণে ভোটার তালিকা ২০০৯ সালের ৬ নম্বর আইনের ৮ ধারা অনুযায়ী ভোটার হওয়ার যোগ্য নয়। সেহেতু সংশ্লিষ্ট ভোটারদ্বয়ের নাম ভোটার তালিকা থেকে কর্তনযোগ্য।’ আলমডাঙ্গা শহরে শতকোটি টাকা মূল্যের অর্পিত সম্পত্তি দখলে নিতে ওই দুই ভাই পুরুষোত্তম ও রাজরাম আলমডাঙ্গা পৌর এলাকার ভোটার তালিকায় নাম তোলেন বলে অভিযোগ রয়েছে। ১৪ এপ্রিল প্রথম আলোয় ‘শতকোটি টাকার অর্পিত সম্পত্তি পেতে জালিয়াতির অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।