দুই ভাইয়ের বিরোধে পুড়ছে আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি ও জামায়াতের পৃথক চেয়ারম্যান প্রার্থী মাঠে থাকলেও দুই ভাইয়ের কোন্দলে পুড়ছে আওয়ামী লীগ। এখানে আওয়ামী লীগের দুই প্রার্থী প্রচারণা চালানোর কারণে ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন।
দলীয় সূত্র জানায়, স্থানীয় আওয়ামী লীগের তৃণমূল নেতারা দলের একক প্রার্থী নির্বাচন করেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজলকে। কিন্তু স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমলসহ দলের অপর একটি অংশ প্রার্থী দেয়, আওয়ামী লীগ নেতা ও খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদকে। মাবুদের পক্ষে সাংসদ কমল মাঠে নামায় দলীয় কোন্দল তীব্র আকার ধারণ করে। ফলে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। সাংসদ কমল ও চেয়ারম্যান প্রার্থী কাজল সহোদর হলেও রাজনীতি এবং পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ রয়েছে।
এই পরিস্থিতিতে গত মঙ্গলবার বিকেলে রামুতে স্থানীয় প্রার্থী ও জনপ্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, আগামী ২৩ মার্চ এই উপজেলার নির্বাচন আমরা শান্তিপূর্ণভাবে শেষ করতে চাই। এর যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। কিন্তু কেউ যদি ভোটকেন্দ্র দখল বা ভোট কারচুপির অপচেষ্টা চালান—তাহলে প্রশাসন বসে থাকবে না। ছিনতাইয়ের জন্য ব্যালটে হাত দিলে সঙ্গে সঙ্গে গুলি করা হবে। একই কথা বলেন, পুলিশ সুপার মো. আজাদ মিয়া।
এখানে বিএনপির একক প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আহমেদুল হক চৌধুরী ও জামায়াতের উপজেলা আমির ফজলুল্লাহ মোহামঞ্চদ হাসান।
ভোটাররা বলেন, নির্বাচনের শেষ মুহূর্তে চার চেয়ারম্যান প্রার্থী প্রতিযোগিতামূলকভাবে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু আওয়ামী লীগের দুই প্রার্থীর মধ্যে দলাদলি আর কোন্দল নিয়ে তারা উদ্বিগ্ন। সাংসদ কমল চাইছেন, বড় ভাই কাজলকে ঠেকাতে। কমলের ছোট ভাই রানাও মাঠে নেমে বড় ভাই কাজলকে ভোট না দিতে নানা সমাবেশে বক্তব্য রাখছেন। অন্যদিকে, কাজলও সাংসদ কমলের নানা দুর্নীতি তুলে ধরছেন। ফলে দলের নেতা-কর্মী ও সমর্থকেরা হতাশ। দুই ভাইয়ের দ্বন্দ্বে যেন মাঠে মারা যাচ্ছে আওয়ামী লীগ।
চেয়ারম্যান প্রার্থী সোহেল সরওয়ার কাজল বলেন, তিনিই দলের একক প্রার্থী। কিন্তু তাঁর বিজয় ঠেকাতে দলের আরেকজনকে মাঠে নামানো হয়েছে।
অপর চেয়ারম্যান প্রার্থী আবদুল মাবুদ বলেন, সাংসদ কমলসহ দলের অধিকাংশ নেতা-কর্মী তাঁর সঙ্গে রয়েছেন। তাই তিনি জয়লাভের সম্ভাবনা দেখছেন।
ভোটাররা দলীয় কোন্দল আর ক্ষমতার প্রভাব দেখিয়ে ভোটকেন্দ্র দখল-বেদখল নিয়ে এখানে সংঘর্ষ, হানাহানির আশঙ্কা করা হচ্ছে। ৫০টি কেন্দ্রের অধিকাংশই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। তবে রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, ২০টি কেন্দ্রকে প্রশাসন অতি ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করলেও সব কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হবে।
বিএনপির একক প্রার্থী আহমেদুল হক চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু হলে তিনি জয়লাভ করবেন। কিন্তু সাংসদ কমল নিজের প্রার্থীকে জয়লাভ করতে মরিয়া হয়ে উঠেছেন। এ ক্ষেত্রে অপর পক্ষও শক্ত অবস্থানে। তখন দুই পক্ষে সংঘর্ষ শুরু হলে করার কিছুই থাকবে না। সাংসদ কমল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, রামুর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।
এই উপজেলার ১১টি ইউনিয়নে ভোটারসংখ্যা এক লাখ ৩৯ হাজার ৮০১।