কিশোরগঞ্জের দুই ভাই মো. নাসিরউদ্দিন ও মো. শামসুদ্দিনের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলা আরও তদন্তের জন্য তদন্ত সংস্থায় ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয় এটি ফেরত পাঠায়। মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের কোনো মামলা আরও তদন্তের জন্য ফেরত পাঠানোর ঘটনা এটিই প্রথম।
মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা গত ২৬ নভেম্বর এই মামলার তদন্ত প্রতিবেদন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেয়। এ বিষয়ে জানতে চাইলে মামলার দায়িত্বপ্রাপ্ত কৌঁসুলি শেখ মোসফেক কবির প্রথম আলোকে বলেন, তিনি ও রাষ্ট্রপক্ষের কয়েকজন জ্যেষ্ঠ কৌঁসুলি তদন্ত প্রতিবেদন ও আনুষঙ্গিক নথিপত্র পর্যালোচনা করে বেশ কিছু অসংগতি ও জটিলতা পেয়েছেন। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের আগেই এগুলো নিষ্পত্তি হওয়া দরকার। এ জন্য তিনি প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপুর মতামত চেয়ে চিঠি পাঠান। প্রধান কৌঁসুলি গতকাল রোববার মামলাটি আরও তদন্তের জন্য তদন্ত সংস্থায় ফেরত পাঠান।
প্রধান কৌঁসুলির কাছে পাঠানো চিঠিতে মোসফেক কবির লিখেছেন, পর্যালোচনায় মুক্তিযুদ্ধকালে নাসিরউদ্দিন ও শামসুদ্দিনের বয়স নিয়ে অসংগতি দেখা গেছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, একাত্তরে নাসিরউদ্দিনের বয়স ছিল ১৯ ও শামসুদ্দিনের ১৭ বছর, কিন্তু এর দালিলিক প্রমাণ নেই। জাতীয় পরিচয়পত্র অনুসারে নাসিরউদ্দিনের বয়স ছিল ১৪ ও শামসুদ্দিনের ১৩ বছর। একাত্তরে বয়স ১৮ বছরের নিচে ছিল এমন কোনো ব্যক্তির বিচার করা যাবে কি না, এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে কিছু বলা নেই। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আরও কিছু ত্রুটি আছে।
এ বিষয়ে তদন্ত সংস্থার সহসমন্বয়ক সানাউল হক প্রথম আলোকে বলেন, একাত্তরে পাকিস্তান সরকারের রাজাকার অধ্যাদেশে বলা হয়েছিল, ১৮ বছরের নিচে কেউ রাজাকার বাহিনীতে যোগ দিতে পারবে না। নাসিরউদ্দিন-শামসুদ্দিন দুজনেই পাকিস্তানের নিবন্ধিত রাজাকার, তালিকায় তাঁদের নাম আছে। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রে দেওয়া তাঁদের বয়স ভুয়া। কারণ, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ছয় ভাইয়ের মধ্যে সবার বড় নাসিরউদ্দিনের (জন্ম তারিখ ১ ডিসেম্বর ১৯৫৭) চেয়ে ঠিক এক বছরের ছোট শামসুদ্দিন (১ ডিসেম্বর ১৯৫৮), আর শামসুদ্দিনের চেয়ে মাত্র দুই মাস ১৪ দিনের ছোট তৃতীয় ভাই মহিউদ্দিন (১৪ ফেব্রুয়ারি ১৯৫৯)।
সানাউল হক বলেন, যেসব বিষয়ে রাষ্ট্রপক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, সেগুলো নিয়ে আরও তদন্তের পর তাঁরা জবাব পাঠাবেন। তবে বয়সের বিষয়ে সিদ্ধান্ত নিতে আদালতই পারেন।