দুই ভাইয়ের রিমান্ড শুনানি বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ও তাঁর স্ত্রীর হত্যা-রহস্য উদ্‌ঘাটনে পুলিশ নিহত শিক্ষকের গ্রেপ্তার দুই ভাই রতন কুমার দাস ও স্বপন সৌমিত্রের সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে। আজ মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। আদালত আগামীকাল বুধবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম।

গত বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর গ্রামের নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল কুমার দাস ও তাঁর স্ত্রী কল্পনা রানী দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন শুক্রবার তাঁদের ছেলে নির্মল চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। শুক্রবার রাতেই পুলিশ অনিল কুমার দাসের দুই সৎভাই রতন কুমার দাস ও স্বপন সৌমিত্রকে তাঁদের রসুলপুরের বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। আজ মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার দেখিয়ে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। দুজনকেই সাত দিন করে রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (অপরাধ) তানভীর আহমেদ।

পুলিশ জানায়, আটক দুই ভাইকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ ধারণা করছে সম্পত্তিসংক্রান্ত বিরোধ অথবা পারিবারিক বিরোধ থেকে এ হত্যাকাণ্ড হতে পারে।

এদিকে, ওই গ্রামের তিনজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাঁদের পরিবারের লোকজন ও এলাকাবাসী। রসুলপুর গ্রামের নিবারণ চন্দ্র শীলের ছেলে ভজন চন্দ্র শীল (৩৫) ও মৃত আবদুল মোমেনের ছেলে শহীদ মোমেনকে (৪০) শনিবার রাতে এবং মৃত কসিম উদ্দিনের ছেলে মফিজ উদ্দিনকে (৪০) গত রোববার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে র‌্যাব-১২ এর ৩ নম্বর কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সাদেক আহমেদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহকে জিজ্ঞাসা করা হলে তাঁরা আটকের কথা অস্বীকার করেন।

শহীদ মোমেনের ভাই শফিকুল ইসলাম বলেন, তাঁর ভাইকে তাঁদের বাড়ির কাছ থেকে দুটি মোটরসাইকেলে চারজন এসে তুলে নিয়ে গেছেন। একই কথা জানান, মফিজ উদ্দিনের ভাতিজা আছার উদ্দিন এবং ভজন চন্দ্র শীলের বাবা নিবারণ চন্দ্র শীল।

গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজকুমার সরকার জানান, ভজন, শহীদ ও মফিজের পরিবার থেকে তিনি জানতে পেরেছেন আইনশৃঙ্খলাবাহিনীর পরিচয়ে তাঁদের তুলে নিয়ে যাওয়ার খবর।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার পরও কোনো পক্ষই তাঁদের আটকের কথা স্বীকার না করায় এবং তাঁদের অবস্থান সম্পর্কে স্বজনেরা কিছু জানতে না পারায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।