
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডে (পূর্ব জুরাইন) কাউন্সিলর পদে দুই বড় দলের সমর্থন নিয়ে নির্বাচনে লড়ছেন আপন দুই ভাই মোহাম্মদ নূর হোসেন ও মীর হোসেন মীরু। বড় ভাই নূর হোসেন আওয়ামী লীগ ও ছোট ভাই মীর হোসেন বিএনপির-সমর্থিত। উভয়েই নিজ নিজ দলের ওয়ার্ড কমিটির সভাপতি।
নূর হোসেন (ঘুড়ি) এখন পুরোপুরি ব্যস্ত নির্বাচনী প্রচারণা নিয়ে। কিন্তু মীর হোসেন (ঠেলাগাড়ি) আছেন দৌড়ের ওপর। সাবেক এই কাউন্সিলরের বিরুদ্ধে শ্যামপুর ও কদমতলী থানায় ছয়টি মামলা আছে। পুলিশি হয়রানির ভয়ে প্রকাশ্যে প্রচারণা চালাতে পারছেন না। তবে দলের কর্মীরা তাঁর পক্ষে প্রচার চালাচ্ছেন।
নিজেদের রাজনৈতিক দলের মতো এলাকাতেও দুই ভাই বেশ প্রভাবশালী। অন্য নয় কাউন্সিলর প্রার্থীর তুলনায় ধন-সম্পদেও তাঁরা এগিয়ে।
ছোট ভাই সম্পর্কে নূর হোসেন বললেন, ‘আমরা একসঙ্গে থাকতাম। তবে ১৮-২০ বছর আগেই আলাদা হয়ে গেছি। আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সে (মীর হোসেন) বিপক্ষ শক্তি। আর তিন মাস যারা পেট্রল দিয়ে মানুষ মারে তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক থাকার প্রশ্নই ওঠে না।’
বড় ভাইকে নিয়ে মীর হোসেন বললেন, ‘আদর্শ ও নীতিগতভাবে আমাদের সম্পর্ক নাই। তবে পারিবারিক সম্পর্ক তো অবশ্যই আছে। রক্তের সম্পর্ক তো আর ছিন্ন করা যায় না।’
রাজনৈতিক প্রভাব ও সম্পদে দুই ভাই এগিয়ে থাকলেও নির্বাচনে চমক দেখাতে পারেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান (লাটিম)। জলাবদ্ধতা নিরসনে এলাকার তরুণদের নিয়ে কাজ করায় তাঁরও ভালো প্রভাব রয়েছে।
নূর হোসেন আওয়ামী লীগের সমর্থন পেলেও আরেক প্রার্থী কোহিনুর বেগমের (করাত) দাবি, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন নিয়ে নির্বাচনে লড়ছেন। গত সোমবার জুরাইনের পুকুর পাড় এলাকায় মেয়ের বাসায় বসে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘আমার স্বামী শ্যামপুর-কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্লাহ। তিনি রাজনৈতিক কারণে ২০১১ সালে খুন হন। কারণ, তিনি কাউন্সিলর পদে নির্বাচন করতে চেয়েছিলেন। তাই তাঁর হয়েই আমি নির্বাচন করছি।’

অপরাজনীতির শিকার হয়েছেন দাবি করে কোহিনুর বললেন, ‘মনোনয়নের আগে প্রধানমন্ত্রী আমাকেই নির্বাচনে সমর্থন দেন। তবে শেষ মুহূর্তে নূর হোসেন দলের নেতাদের ম্যানেজ করে সমর্থন নেন। এরপর আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আবার গণভবনে দেখা করি। প্রধানমন্ত্রী তখন বলেন, তিনি বিএনপির ভাইকে সমর্থন দেবেন না। তিনি আমাকে এলাকায় গিয়ে নির্বাচন করার নির্দেশ দেন।’
কোহিনুরের অভিযোগ, প্রচারণায় তাঁর কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। হ্যান্ডমাইক কেড়ে নেওয়া হচ্ছে। স্টিকার খুলে নেওয়া হচ্ছে। কারা এমন করছে প্রশ্নে তিনি নূর হোসেনের পরিবারকে ইঙ্গিত করে বলেন, ‘যাদের ক্ষমতা আছে তারাই তো করছে।’
আওয়ামী লীগের আরও একজন বিদ্রোহী প্রার্থী আছেন। তিনি হলেন ইকবাল হোসেন চৌধুরী (রেডিও)।
এসব বিষয়ে জানতে চাইলে নূর হোসেন বলেন, ‘গতকাল (রোববার) আমি শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠক করেছি। তিনি বলেছেন, দলের সমর্থিত ওয়ার্ড কাউন্সিলরদের তালিকা আর পরিবর্তন হবে না।’
বিএনপিতেও বিদ্রোহী আছেন দুজন। একজন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু নাসের ফকির (ব্যাডমিন্টন র্যাকেট), অপরজন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন রিপন (এয়ারকন্ডিশন)।
আবু নাসের বলেন, ‘আমার কাছে সংগঠন আর মীরু ভাইয়ের আছে টাকা। তিনি টাকা দিয়ে নমিনেশন কিনেছেন।’ ক্ষুব্ধ এই প্রার্থী বললেন, ‘বিএনপি দুর্ভিক্ষের দল হয়ে গেছে। তাই টাকার বিনিময়ে নমিনেশন দিয়েছে।’
নূর হোসেনের অভিযোগ, এলাকার রাস্তাঘাট ভাঙা। নর্দমার ময়লা পানিতে রাস্তা ডুবে যায়। এসব নাগরিক সমস্যার সমাধানে মীর হোসেন কিছুই করেননি। এ বিষয়ে মীর হোসেন বললেন, ‘আমি দায়িত্বে নাই পাঁচ বছর। ফলে খালগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। তবে আমি কাউন্সিলর থাকাকালে এসব নিয়মিত সংস্কার করেছি। এলাকায় নতুন নতুন রাস্তাঘাট বানিয়েছি। গলিগুলো প্রশস্ত করেছি।’
মীর হোসেনের পাল্টা অভিযোগ, তিনি পাঁচ মাস ধরে এলাকায় আসতে পারছেন না। এমনকি তাঁর কর্মীদের প্রচারণায়ও বাধা দেওয়া হচ্ছে। পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে।
এই ওয়ার্ডে আরও লড়ছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান, আবুল কাশেম (ট্রাক্টর), আহমদ হাসান (কাঁটা চামচ), ইসলামি শাসনতন্ত্রের সাইফুল ইসলাম তরফদার (টিফিন ক্যারিয়ার)। মোট প্রার্থী ১১ জন। ভোটার ৩৮ হাজার ৭৭৪ জন।
সোমবার জুরাইনের কে আলী সরদার রোড, পূর্ব জুরাইন রোড ও পুকুর পাড় এলাকা ঘুরে দেখা যায়, যততত্র ময়লা-আবর্জনা। নর্দমার নোংরা পানিতে সয়লাব হয়ে গেছে রাস্তা। এলাকাবাসী জানালেন, বৃষ্টি হলেই হাঁটুসম পানি জমে যায়। তাঁদের ভাষ্য, এলাকায় কোনো খেলার মাঠ বা কমিউনিটি সেন্টার নেই। রাস্তায় নেই বাতি। আছে মাদকের সমস্যা। চুরি-ছিনতাইয়ের ঘটনাও ঘটছে নিয়মিত।
প্রত্যেক প্রার্থী এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন।